
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত অনুরাগী। সম্পত্তি ও জনপ্রিয়তার নিরিখে বলিউডের অন্যতম ধনী তারকাও তিনি। সম্প্রতি দুবাইয়ের মেরিটাইম সিটিতে নিজের নামে নির্মিত বিলাসবহুল আবাসন ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই দায়ুব’-এর উদ্বোধন করেছেন শাহরুখ খান। আর সেই অনুষ্ঠানেই মজার মেজাজে ধরা দিলেন বলিউডের বাদশা। বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বাড়িতে যে তাঁর শেষ কথা চলে না, তা অকপটেই স্বীকার করলেন তিনি। প্রকাশ্য মঞ্চে স্ত্রী গৌরী খানের কর্তৃত্বের কথা তুলে ধরে রসিকতার ছলে জানালেন, বাড়ির আসল রাজত্ব যে গৌরীর হাতেই!
শাহরুখ যে বরাবর আদ্যোন্ত ‘ফ্যামিলি ম্যান’, সেকথা কারও অজানা নয়। শত ব্যস্ততার মাঝেও পিতৃদায়িত্ব পালনে তিনি যেমন অবিচল, তেমনই কিং-সাইজ কর্মকাণ্ডে অনুরাগীদে মন জয় করতে তাঁর জুড়ি মেলা ভার। এবার ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই দায়ুব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাড়িতে স্ত্রী গৌরী খানের দাপট নিয়ে মুখ খুললেন। কিং খান একবাক্যে স্বীকার করে নিলেন যে, গৌরীর কড়া শাসনের জেরে বাড়িতে তাঁর কোনও কথা, সিদ্ধান্তই খাটে না। মঞ্চে কথোপকথনের সময় সঞ্চালক করণ জোহর শাহরুখ খানকে জিজ্ঞেস করেন, ‘এমন কোনও কাজ রয়েছে, যেটা তোমার নিজের বাড়িতেই করার অনুমতি নেই?’ বন্ধুর এহেন ‘গুগুলি’তে বিন্দুমাত্র না দেরি করে কোনওরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাদশা বলেন, “নিজের বাড়িতে আমার কোনও কিছুই করার অনুমতি নেই! এমনকী আরিয়ান, সুহানারাও কোনও কর্তৃত্ব ফলাতে পারে না।” কিন্তু কেন?

শাহরুখ জানান, “আমাদের বাড়িতে গৌরীর নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কিছুই বলতে পারি না। ওয়াইফাই নিয়ে অভিযোগ করা তো দূর অস্ত, এমনকী বিছানায় বসে খাওয়ারও অনুমতি নেই আমাদের। বাড়ির রং, পেইন্টিং, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা লাইটিং— কোনও কিছু নিয়েই আমরা কোনও মন্তব্য করতে পারি না। আমরা শুধু চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর বলি- ‘কী দারুণ একটা বাড়ি বানিয়েছ, গৌরী!’ এখন সমস্যা হল, এখানে পেন্টহাউসে এলেও হয়তো আমাকে ওই একই কথা বলতে হবে— ‘কী দারুণ একটা পেন্টহাউস বানিয়েছ, গৌরী!’ আসলে বাড়ির বাইরে আমরা একদম স্বাধীন। আরিয়ান, সুহানা আর আমি দারুণ মজা করি। কিন্তু বাড়িতে ঢুকলেই আমাদের আর কিছু করার উপায় থাকে না।” করণ কিন্তু একথা শুনে থামেননি। আর তারকাদের হাঁড়ির খবর বের করতে, তাঁর জুড়ি মেলা যে ভার, সেকথা কার না জানা?
নিজের প্রাসাদে খোদ বাদশার ‘পরাধীনতা’র কথা শুনে করণ পালটা প্রশ্ন করেন, তাহলে কি তুমি বক্স অফিসের থেকেও স্ত্রীকে বেশি ভয় পাও? এবার আর ‘ডন’ চুপ থাকলেন না। বরং আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ ধার করে ছুড়লেন হাইভোল্টেজ জবাব। করণের উদ্দেশে শাহরুখ বলেন, তুমি কি ‘কিং’ ছবির ডায়লগটা ভুলে গেলে?- হাজার মুলকো মে বদনাম অউর দুনিয়া নে দিয়া এক হি নাম। অউর ওহ পাতা হ্যায় কিউঁ? কিউঁকি ম্যায় ডর নহি, দেহশাত হুঁ!” বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘হাজার দেশে আমি কুখ্যাত, অথচ পৃথিবী আমাকে দিয়েছে শুধু একটাই নাম। আর কেন জান? কারণ আমি শুধু ভয় নই, আমি আতঙ্ক!’ কিং খানের এহেন রসিক কিং-সাইজ জবাবই এখন নেটভুবনে চর্চার শিরোনামে।
