
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ এক বছরের টালবাহানা ও জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের আগামী ছবি ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ ঘোষণা করলেন সলমন খান। আর সেই অনুষ্ঠানেই ফের একবার মানবিক উদ্যোগের নজির গড়লেন বলিউডের ভাইজান। অভিনেতা জানিয়ে দেন, তাঁর আসন্ন দেশাত্মবোধক ছবিটি দেখতে বর্ষীয়ান নাগরিকদের গুনতে হবে নামমাত্র টাকা। প্রবীণ দর্শকদের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সলমন।
সলমন খানের দেশাত্মবোধক সিনেমা নিয়ে গত একবছর ধরে জটিলতা যেন কিছুতেই কাটছিল না! কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিকে। এই সিনেমা চাক্ষুষ করার জন্য প্রতীক্ষার প্রহর হয়তো আরও দ্বিগুণ হতে চলেছে বলে, দর্শক-অনুরাগীরাও একপ্রকার হাল ছেড়ে দিয়েছিলেন। কারণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে এযাবৎকাল নানা টালবাহানার মধ্য দিয়ে যেতে হচ্ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’, থুড়ি ‘মাতৃভূমি’ নির্মাতাদের। তবে শেষমেশ ভাইজানের কপাল খুলল। আগামী ডিসেম্বর মাসের ৪ তারিখ রিলিজ করছে ‘মাতৃভূমি’। আর সেই ছবি মাত্র ১১ টাকায় দেখার সুযোগ পাবেন আসমুদ্রহিমাচলের প্রবীণ নাগরিকরা।

সলমনের ঘোষণা, বয়সের কোঠা ৭৫ পেরলেই এই বিশেষ সুবিধে পাবেন নাগরিকরা। ভাইজানকে নিয়ে এযাবৎকাল বহু কথাই রটেছে মায়ানগরীরর সেলেবপাড়ায়। কেউ তাঁর ‘দাবাং’ মেজাজের জন্য তটস্থ থাকেন, তো অনেকে বলেন তিনি একরোখা। এমনকী অতীতে বহু তারকার কেরিয়ার ‘শেষ’ করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। একসময়ে শোনা যেত, সলমনের সঙ্গে পাঙ্গা নিলেই নাকি বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকা দায়! কিন্ত এহেন বহুল জল্পনা সত্ত্বেও ভাইজান বরাবর মানবসেবার নিদর্শন রেখেছেন। স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দুস্থদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তো কখনও বা দিন আনি দিন খাই কলাকুশলীদের মুখে দু’বেলা দু’মুঠো ভাত তুলে দিয়েছেন। সিনেপাড়ার সিনিয়র সদস্যদের প্রতিও তাঁর শ্রদ্ধা, সম্মানের বহু উদাহরণ রয়েছে। এবার ‘মাতৃভূমি’ রিলিজের প্রাক্কালে বর্ষীয়ান নাগরিকদের জন্য মাত্র ১১ টাকার টিকিটের ঘোষণা করলেন। যে খবর প্রকাশ্যে আসতেই ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
