CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পালাবদলের পর এবার রাজ্যে নতুন শিল্পনীতির পথে হাঁটল শুভেন্দু সরকার। ‘ডবল ইঞ্জিন’ সরকারের আমলে বাংলাকে শিল্পের অন্যতম প্রধান গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কথা কম, কাজ বেশি’ মন্ত্রকে সামনে রেখেই রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে সরকার। বৃহস্পতিবার নতুন শিল্পনীতি প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, কর্মসংস্থানই সরকারের প্রধান অগ্রাধিকার। তাঁর দাবি, তোলাবাজি ও সিন্ডিকেটরাজের অবসানের ফলে বাংলায় শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। পাহাড় থেকে সাগর, রাজ্যের প্রতিটি জেলাতেই রয়েছে বিপুল সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়েই বাংলাকে শিল্প ও বিনিয়োগের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। নতুন শিল্পনীতি কার্যকর করার ক্ষেত্রে জমি অধিগ্রহণের বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি নিয়ে যাতে কোনও জটিলতা বা বিরোধ তৈরি না হয়, তা নিশ্চিত করার বার্তা দিয়ে তিনি বলেন, “জমিদাতাদের মান্যতা দেবে সরকার। জোর করে নয়, আলোচনার মাধ্যমেই হবে সিদ্ধান্ত।” পাশাপাশি সিঙ্গুর ও নন্দীগ্রামের অতীতের ঘটনাগুলির প্রসঙ্গ তুলে বামফ্রন্ট ও তৃণমূল—উভয় সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন শুভেন্দু। তাঁর বক্তব্যে স্পষ্ট, জমিদাতাদের সম্মতি ও আলোচনার ভিত্তিতেই রাজ্যে শিল্পায়নের পথ প্রশস্ত করতে চায় বর্তমান সরকার। 

গত ১৫ বছরে শিল্পপতিরা বাংলায় আসেননি, কর্মসংস্থানও হয়নি। বাংলা ছেড়েছেন শিক্ষিত বেকার যুবক-যুবতী।বাংলার নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গিয়েছে কর্মসংস্থানের কথা। ক্ষমতায় এসে বিজেপি সরকারে মূল লক্ষ্য রাজ্যে শিল্প নিয়ে আসা। বদলের বাংলা বেশ কয়েকটি জায়গায় লগ্নি এসেছে। তাতে আশার আলো দেখছে সিঙ্গুর। বৃহস্পতিবার শিল্পনীতি ঘোষণা লগ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন সিঙ্গুরের কথা তিনি ভুলে যান নি। বলেন, “সিঙ্গুরের কথা মাথায় আছে। সিঙ্গুর নিয়ে কিছুটা একটা করব। অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হচ্ছে।” 

বৃহস্পতিবার শিল্প-খরা কাটাতে তৃণমূল আমলের ভুলভ্রান্তি শুধরে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইকো পার্ক থেকে ‘পশ্চিমবঙ্গ বিনিয়োগ প্রসার নীতি ২০২৬’ সম্বলিত একটি বই উদ্বোধন করেন তিনি। জানানো হয়েছে, জমি অধিগ্রহণের বিষয়ে নতুন করে ভাবনাচিন্তা করেছে শুভেন্দু সরকার। পাশাপাশি ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা হবে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ঘোষিত শিল্পনীতির মূল ভিত্তি ইনসেনটিভ। এদিকেই তাকিয়ে ছিলেন বৃহৎ শিল্পগোষ্ঠী থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পমহল। বিদ্যুৎ শুল্ক ও স্টাম্প ডিউটিতে বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, অলাভজনক সংস্থা, পরিষেবা ক্ষেত্র – সবই এই নীতির আওতায় পড়বে।

সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো বলপ্রয়োগ করে জমি অধিগ্রহণের বদলে বাজারমূল্যে জমির মালিকদের কাছ থেকে সরাসরি জমি কেনার পক্ষে বর্তমান বিজেপি সরকার, যা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের নতুন জমিনীতি মেনে ঠিক কোন পদ্ধতিতে কাজ হবে, তার সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশিত হয়েছে এদিন। জানা গিয়েছে, অনলাইনে শিল্পপ্রস্তাবের ক্ষেত্রে ১০৫ দিন বা সাড়ে তিন মাসে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। তারপরই রাজ্যে শিল্প তৈরির কাজ শুরু করতে পারবেন বিনিয়োগকারীরা। জোর দেওয়া হবে রুগ্ন শিল্প পুনরুজ্জীবনেও।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…