
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নতুন বিনিয়োগ টানাই সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই এবার লগ্নিকারীদের জন্য বড়সড় আর্থিক সুবিধার ঘোষণা করল শুভেন্দু সরকার। কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাবদ নিয়োগকারী সংস্থার জমা দেওয়া অর্থের একটি বড় অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এমএসএমই ক্ষেত্রে মহিলা ও রূপান্তরকামী কর্মীদের জন্য সংস্থার দেওয়া ইপিএফের সম্পূর্ণ অর্থই ফেরত দেবে রাজ্য সরকার। অন্যদিকে, ২০০-র বেশি কর্মী রয়েছে এমন সংস্থায় মহিলা কর্মীদের ক্ষেত্রে ইপিএফের ৭৫ শতাংশ পর্যন্ত ফেরত দেওয়া হবে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই সুবিধার পরিমাণ হবে ৫০ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তে একদিকে যেমন কর্মসংস্থানে মহিলাদের অংশগ্রহণ বাড়বে, তেমনই লগ্নিকারী সংস্থাগুলিও আর্থিকভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
গত ১৫ বছরে শিল্পপতিরা বাংলায় আসেননি, কর্মসংস্থানও হয়নি। পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাজের আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগও এসেছে। এসবের মাঝেই বৃহস্পতিবার নয়া শিল্পনীতি ঘোষণা করল রাজ্য। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিনিয়োগ আনার পাশাপাশি পিছিয়ে পড়া এলাকার রুগ্ন ও বন্ধ ইউনিটগুলোকে ফেরাতে মরিয়া সরকার। আর সেই কারণেই লগ্নিকারীদের জন্য একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমএসএমই-এর ক্ষেত্রে মহিলা ও রূপান্তরকামী কর্মীদের জন্য সংস্থার তরফে ইপিএফ বাবদ যা ব্যয় হবে, ১০ বছর পর্যন্ত তার পুরোটাই ফেরত দেবে রাজ্য। পুরুষকর্মীদের ক্ষেত্রে পরিমাণটা ৫০ শতাংশ। যে ইউনিটে ২০০-এর বেশি কর্মী, সেখানকার মহিলা কর্মীদের ক্ষেত্রে নিয়োগকর্তার অংশের ৭৫ শতাংশ ফেরত দেবে রাজ্য। পুরুষদের ক্ষেত্রে ৫০ শতাংশ।
রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রাধিকার এলাকায় অন্তত ২০০ জন, অন্যত্র অন্তত ৪০০ জন কর্মী থাকা বৃহৎ ইউনিট ও মেগা প্রকল্পে ৫ বছর পর্যন্ত ৫০ শতাংশ ইপিএফ ফেরত দেওয়া হবে নিয়োগ কর্তাকে। পুরনো শিল্প ইউনিউ সম্প্রসারণের ক্ষেত্রে তৈরি করতে হবে কর্মসংস্থান। প্ল্যান্ট ও যন্ত্রপাতিতে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ ইউনিটের জন্য মোট সহায়তার সীমা ১০০ শতাংশ। থ্রাস্ট সেক্টর ইউনিট অথবা অগ্রাধিকার এলাকার ইউনিটে তা ১১০ শতাংশ, অগ্রাধিকার এলাকার থ্রাস্ট সেক্টর ইউনিটে তা ১২০ শতাংশ। তবে হ্যাঁ, উৎপাদন শুরুর পর ধীরে ধীরে মিলবে সহায়তা। বিদ্যুতের ক্ষেত্রে মিলবে বড় সুবিধা। ৫ বছর পর্যন্ত বিদ্যুতে মাশুলের পাশাপাশি জমির স্ট্যাম্প ডিউটিও ফেরত দেবে রাজ্য। এছাড়া পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের ওপেন অ্যাক্সেসে ২০৩০ সালের মার্চ পর্যন্ত সারচার্জ মকুব। যারা জমি নিয়ে কোনও কাজ করেননি, সেক্ষেত্র ৩ মাস পেরিয়ে গেলে তা ফিরিয়ে নেবে সরকার।
কিন্তু কীভাবে কাজ হবে?
সিঙ্গেল উইন্ডো পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে।
৩০ দিনে সার্টিফিকেট অব ইনটেন্ট।
উৎপাদন শুরুর পরে ৪৫ দিনে সার্টিফিকেট অব এলিজিবিলিটি।
দাবি মঞ্জুর ও টাকা সরকারি ইউনিটের অ্যাকাউন্টে পাঠানোর জন্যও ৩০ দিনে।
