
জয়পুর, ৫ নভেম্বর : দীপাবলির মরশুমে রাজস্থানের জয়পুরে এক বিশেষ ধরনের মিষ্টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজকীয় উপস্থাপনা এবং আকাশছোঁয়া দামের কারণে সকলের নজর কেড়েছে 'ত্যোহার আশরফি' নামের এই বিশেষ মিষ্টিটি। সোনার মোহরের আদলে তৈরি মাত্র ৯ গ্রাম ওজনের এক একটি মিষ্টির দাম ধার্য করা হয়েছে ১,১১১ টাকা। সেই হিসেবে প্রতি কিলোগ্রাম মিষ্টির দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকা।
জয়পুরের সংশ্লিষ্ট মিষ্টি বিপণির প্রতিষ্ঠাত্রী অঞ্জলি জৈন জানান, রাজা-মহারাজাদের আমলে কাউকে সম্মান বা উপহার জানাতে সোনার মোহর অর্থাৎ 'আশরফি' দেওয়ার প্রথা ছিল। সেই প্রাচীন ঐতিহ্য ও ভাবধারাকে মিষ্টির রূপ দিয়ে এই অভিনব ধারণা তৈরি করা হয়েছে। সোনার মুদ্রার আদলে তৈরি এই মিষ্টিটির নাম রাখা হয়েছে 'ত্যোহার আশরফি'। শুভ সংখ্যার কথা মাথায় রেখে ৯ গ্রামের প্রতিটি মিষ্টির দাম রাখা হয়েছে ১,১১১ টাকা।
তিনি আরও জানান, নয়টি মিষ্টির একটি বিশেষ উপহারের বাক্সের (গিফট বক্স) মূল্য রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। সেই অনুযায়ী প্রতি কিলোগ্রামের হিসেবে এই মিষ্টির দাম পড়ছে ১ লক্ষ ২৩ হাজার টাকা। আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি এই মিষ্টি ইতিমধ্যেই দীপাবলির উৎসবের মরশুমে শহরের ভোজনরসিক ও অভিজাত মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
