
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘কৃষ কাপুর’-এর চরিত্রে অভিনয় করেই বড় পর্দায় আত্মপ্রকাশ অহন পাণ্ডের। প্রথম ছবিতেই বক্স অফিসে সাফল্যের নজির গড়েছেন নবাগত অভিনেতা। বিশেষ করে জেন জি-র কাছে ‘সাইয়ারা’র হাত ধরে স্বপ্নের নায়ক হয়ে উঠেছেন তিনি। প্রথম ছবির সাফল্যেই বলিউডে নিজের জায়গা পাকা করার ইঙ্গিত দিয়েছেন অহন। এবার সেই রোম্যান্টিক নায়কের পরিচিত ছক ভেঙে সম্পূর্ণ নতুন অবতারে দর্শকের সামনে হাজির হতে চলেছেন তিনি। ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে অহনের এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় এটি তাঁর কেরিয়ারের আরও একটি বড় সুযোগ। আলি আব্বাস জাফরের পরিচালনায় এই ছবিতে অহনের বিপরীতে দেখা যাবে শর্বরী ওয়াঘকে, যিনি ‘আলফা’ ছবিতে আলিয়া ভাটের সহ-অভিনেত্রী। উৎসবের আবহেই যশ রাজ ফিল্মসের তরফে নতুন ছবির নাম ও মুক্তির দিন ঘোষণা করা হয়েছে।
সূর্যকিরণের মাঝে শর্বরীকে আঁকড়ে বন্ধুকধারী অহন। হাতে মুখে রক্তের দাগ। অন্যদিকে নায়িকার হাতে গিটার। সিনেমার প্রথমঝলক পোস্টার শেয়ার করে ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে দিল যশ রাজ ফিল্মস। পোস্টারে এটুকু স্পষ্ট রোম্যান্সের সঙ্গে থাকছে ভরপুর অ্যাকশনও। সিনেমার ট্যাগলাইন, ‘ফিয়ারলেস ইন লাভ’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘প্রেমে নির্ভীক’। অহন-শর্বরী জুটির প্রথম ছবি ‘বেপরোয়া’ মুক্তি পাবে ২০২৭-এর ২৬ মার্চ। তবে সিনেমার কাহিনি কিংবা চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ‘সাইয়ারা’র সহ অভিনেত্রী অনীত পাড্ডা পোস্টারের কমেন্ট বক্সে অহন-শর্বরীকে উৎসাহিত করে লিখেছন, ‘সেরা সেরা। দারুণ উত্তেজিত।’ অহন ও শর্বরী ছাড়াও ‘বেপরোয়া’তে দেখা যেতে পারে ববি দেওল এবং ঐশ্বর্য ঠাকরেকে।কানাঘুষো, অহনের বিপরীতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে ঐশ্বর্যকে। যদিও নির্মাতাদের তরফে এখনও তাঁদের চরিত্র বা ছবির অন্যান্য সহঅভিনেতাদের ভূমিকা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি।

অ্যাকশন-রোম্য়ান্সের মিশেলে অহন-শর্বরীর ‘বেপরোয়া’ নিয়ে হিন্দি ছবির দর্শকের উৎসাহের পারদ চড়বে তা বলাই বাহুল্য়। ‘বেপরোয়া’র হাত ধরে যশ রাজ ফিল্মসে ঘর ওয়াপসি পরিচালক আলি আব্বাস জাফরের। এই প্রযোজনা সংস্থার ব্যনারে ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘গুন্ডে’, ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবিতে কাজ করেছেন। সলমন খান অভিনীত ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিসে সুপারহিট।
Fearless in love… #Beparwah in cinemas on 26th March 2027. https://t.co/3WJeBoXgxg
— Yash Raj Films (@yrf) October 26, 2026
