
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ আট বছর ধরে অভিনয়ের দুনিয়া থেকে কার্যত দূরে রয়েছেন অনুষ্কা শর্মা। সংসার সামলানোর পাশাপাশি এখন তাঁর জীবনের বড় অংশ জুড়ে রয়েছে আধ্যাত্মিক সাধনা। আমিষ খাবারও বহু আগেই ত্যাগ করেছেন অভিনেত্রী। বিজ্ঞাপনের শুটিংয়ের সময়টুকু বাদ দিলে তাঁর গলায় প্রায় সব সময়ই দেখা যায় তুলসীর কণ্ঠীমালা। হাতে রয়েছে ‘রাধা জপ’-এর আংটিও। রবিবার মুম্বইয়ে মার্কিন সঙ্গীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে ভক্তির আবহে মেতে উঠতে দেখা গেল অনুষ্কাকে। তাঁর সঙ্গী ছিলেন স্বামী বিরাট কোহলিও। অনুষ্ঠানের সেই আধ্যাত্মিক মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তারকা দম্পতি ‘বিরুষ্কা’র এই ভক্তিমগ্ন উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে চর্চা।
কৃষ্ণ দাসের ভারত সফরের অংশ হিসেবেই আয়োজিত হয়েছিল এই কীর্তন অনুষ্ঠান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভজনের সুরে হাতে তালি দিয়ে গলা মেলাচ্ছেন বিরাট ঘরনি। ভক্তিমূলক গানের আবহে মগ্ন অভিনেত্রী। অন্যদিকে, ক্যামেরার দিকে একবার তাকিয়েই কীর্তনে বিভোর হয়ে যান কিং কোহলি। মৃদুস্বরে ভক্তিগীতিতে গলাও মেলান। কয়েকটি ভিডিওতে আবার দেখা যাচ্ছে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছন বিরাট ও অনুষ্কা। তবে এটাই প্রথম নয়, এর আগেও কৃষ্ণ দাসের কীর্তনে অংশ নিতে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কাকে। চলতি বছরের জুলাই মাসে লন্ডনের ইউনিয়ন চ্যাপেলেও একটি প্রার্থনাসভায় যোগ দিয়েছিলেন ‘বিরুষ্কা’। ভারত হোক বা বিদেশ, বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানেই দেখা মেলে এই তারকা দম্পতির। ভক্তির সাগরে কৃষ্ণ দাসের কীর্তনের এক মনোরম সন্ধ্যা উপভোগ করেছেন তা বললে অত্যুক্তি হবে না। ভক্তিগীতি এবং ভারতীয় ঐতিহ্যবাহী মন্ত্রের সঙ্গে পাশ্চাত্য সংগীতের সংমিশ্রণ ঘটানোর জন্য পরিচিত আমেরিকান এই গায়ক।

কর্মজীবনের পাশাপাশি বিরাট-অনুষ্কা নিম করোলি বাবা এবং তাঁর শিক্ষার প্রতি গভীর অনুরাগের জন্যও লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন। ভারতে এলেই বৃন্দাবনে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গেও দেখা করেন বীরুষ্কা। বিশ্বজোড়া খ্যাতি, গ্ল্যামার আর ব্যস্ততার মাঝেও তারকা দম্পতি নিয়মিত আধ্যাত্মিক সময় কাটান, ঈশ্বরভক্তিতে নিজেদের নিমগ্ন রাখেন।
Virat Kohli and Anushka Sharma enjoying spiritual vibes at the Kirtan in Mumbai !! ❤️ https://t.co/tbdws5Wxu7
— Nikhil. (@ishowwhyrat) October 25, 2026
