
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কর্নাটকে বিধান পরিষদের নির্বাচনে বড় ধাক্কা খেল শাসক কংগ্রেস। চারটি আসনেই জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ফলে এই নির্বাচনে খালি হাতেই ফিরতে হয়েছে কংগ্রেসকে। ভোটের ফল প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ ঘিরে জল্পনা শুরু হয়েছে। এই জয়ের পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে নিশানা করে কটাক্ষ ছুড়েছে বিজেপি। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘ইটস ডান, ব্রো’—যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।
মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হতেই দেখা যায় রাজ্যের গ্র্যাজুয়েটস ও টিচার্স – উভয় কেন্দ্রগুলিতেই জয়ী হন এনডিএ প্রার্থীরা। তিনটি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। বাকি একটি আসনে জয় পেয়েছে জোটসঙ্গী জেডি (এস)। সবচেয়ে নজরকারা ফল হয়েছে বেঙ্গালুরুর টিচার্স কেন্দ্রে। সেখানে কংগ্রেসের পাঁচবারের বিধান পরিষদ সদস্য পুট্টান্নাকে ৯০৮ ভোটে পরাজিত করেছেন জেডি (এস)-এর এ পি রঙ্গনাথ। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৮১০। পুট্টান্না পেয়েছেন ৯ হাজার ৯০২টি ভোট। অন্যদিকে, উত্তর-পূর্ব টিচার্স কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির শশীল জি নমোশি। তিনি কংগ্রেসের শরণাপ্পা মাত্তুরকে ৩ হাজার ২৯৭ ভোটে হারিয়েছেন। এই নিয়ে নমোশি টানা পাঁচবার এই কেন্দ্র থেকে জয়লাভ করলেন। এলাকাটি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের গড় বলে পরিচিত। পশ্চিম গ্র্যাজুয়েটস কেন্দ্র থেকে বড় জয় পেয়েছেন বিজেপির এস ভি সঙ্কানুর। প্রায় ৯ হাজার ৮০০ ভোটে তিনি পরাজিত করেছেন কংগ্রেসেরে মোহন লিম্বিকাইকে। দক্ষিণ-পূর্ব গ্র্যাজুয়েটস কেন্দ্রেও জয় পেয়েছে গেরুয়া শিবির। সেখান থেকে জিতেছেন বিজেপির কে এম সুরেশ।
ফল প্রকাশের পরই এনডিএ প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডি (এস) নেতা এইচ. ডি. কুমারস্বামী। কর্নাটকের কংগ্রেস সরকারকে নিশানা করে তিনি বলেন, “বর্তমান প্রশাসন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মুখ্যমন্ত্রী কেবল প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন, কিন্তু সেগুলি বাস্তবায়ন করছেন না।” তাঁর বক্তব্য, ২০২৮-এর বিধানসভা নির্বাচনের আগে এই ফল শিক্ষক ও স্নাতকদের পক্ষ থেকে একটি বড় বার্তা। এদিকে মুখ্যমন্ত্রী শিব কুমারকেও একহাত নিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডলে গেরুয়া শিবির লিখেছে, ‘ডি কে, ইটস ডান ব্রো! বিধান পরিষদের নির্বাচনে টিচার্স ও স্নাতক কেন্দ্রগুলির চারটিতেই জয়ী হয়েছে এনডিএ।’ কর্নাটকে নিজেদের সরকার থাকা সত্ত্বেও বিধান পরিষদের ভোটে খাতাই খুলতে পারল না হাত শিবির। কংগ্রেসের এই শোচনীয় পরাজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
DK, it’s done, bro! 😂 NDA SWEEPS 4/4 Teachers’ and Graduates’ constituencies in the MLC elections! ✌️🪷 https://t.co/RD8lDwpE3e
— BJP Karnataka (@BJP4Karnataka) October 28, 2026
