Kiara-Sidharth: যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক, সমালোচকদের জবাব দিলেন সিদ্ধার্থ-কিয়ারা

Kiara Advani & Sidharth Malhotra
Kiara Advani & Sidharth Malhotra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগস্টে মুক্তির পর থেকেই ‘টক্সিক’ ছবির একাধিক ঘনিষ্ঠ ও যৌনগন্ধী দৃশ্য ঘিরে বিতর্কের কেন্দ্রে ছিল যশ অভিনীত সিনেমাটি। বিশেষ করে ‘তবাহি’ গানে যশ ও কিয়ারা আডবানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তীব্র সমালোচনা। এমনকী, গানটির দৃশ্যকে কটাক্ষ করে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, ‘এটা গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্কের আঁচ এসে পড়েছিল কিয়ারার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার উপরেও। যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ রসায়ন নিয়ে তাঁকে শুনতে হয়েছিল নানা কটাক্ষ। এমনকী, স্ত্রীর এই ধরনের দৃশ্য নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছিল, ‘কেমন স্বামী আপনি, বউকে সামলাতে পারেন না?’ এতদিন এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও এবার ‘কফি উইথ করণ’-এর মঞ্চে প্রথমবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ ও কিয়ারা। 

‘টক্সিক’ সিনেমার একাধিক দৃশ্য থেকে ‘তবাহি’ গানে বলিউড নায়িকার সাহসী অবতার দেখে সভ্যমহলের একাংশের ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল! সেসময়ে কম কটু কথা শুনতে হয়নি কিয়ারাকে। কারণ লাস্য আর আবেদনের মিশেলে গানের প্রতিটি দৃশ্য একেবারে অন্তরঙ্গতায় মাখামাখি! বড়পর্দায় সেই সমীকরণ আরও প্রকট হয়। যা দেখে নেটমহলের একাংশ প্রশ্ন ছুড়েছিলেন, ‘কারও স্ত্রী হয়ে কিংবা ঘরের বউ হয়ে বা একজন মা হিসেবে এহেন অশ্লীল দৃশ্যে কীভাবে অভিনয় করতে পারেন কিয়ারা?’ ‘এমন যৌনদৃশ্যে অভিনয়ের জন্য সিদ্ধার্থই বা কেন ছাড়পত্র দিলেন?’ এহেন নানা প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছি সিড-কিয়ারাকে। তবে সংশ্লিষ্ট বিতর্কে এযাবৎকাল টুঁ শব্দটি করেননি তারকাদম্পতি। এবার করণ জোহরের শোয়ে সেপ্রসঙ্গ উত্থাপন হতেই প্রথমবার নিন্দুকদের কড়া জবাব হাঁকালেন সিদ্ধার্থ-কিয়ারা। 


অনেকেই জানতে চেয়েছিলেন, যশ-কিয়ারার এমন মাখোমাখো সমীকরণে স্বামী হিসেবে সিদ্ধার্থ মালহোত্রার কী প্রতিক্রিয়া? সেপ্রসঙ্গ টেনেই সঞ্চালক করণ বলেন, “বিবাহিত অভিনেতারা যখন নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন, তখন তো তাঁদের এহেন কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় না।” জবাবে কিয়ারা তৎক্ষণাৎ জানান যে, সিদ্ধার্থের এতে কোনও আপত্তি ছিল না। স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে পাশে নিয়েই কিয়ারা আডবানির মন্তব্য, “এটা নিয়ে সিদ্ধার্থের কোনও মাথাব্যথাই ছিল না। ও কখনও বিষয়টি তোলেইনি। আমরা এটা নিয়ে কখনও কথাও বলিনি। এতে ওঁর ওপর কোনও প্রভাব পড়েনি, সিড মোটেও বিচলিত হননি। এরকম দৃশ্য তো বহু বছর ধরে, কয়েক দশক ধরে পর্দায় দেখানো হচ্ছে- ঐশ্বর্য থেকে শুরু করে আরও অনেক চমৎকার অভিনেত্রীর ক্ষেত্রেই এমনটা হয়েছে। আমি আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই যে— নেটপাড়ায় যখন দেখলাম অনেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন, এহেন ভণ্ডামির মুখোশ খুলে দিচ্ছেন। আমার তখন মনেই হয়নি যে, এর সপক্ষে কোনও সাফাই দেওয়ার প্রয়োজন আছে।” পাশাপাশি বক্স অফিসে ‘টক্সিক’-এর ভরাডুবি নিয়েও হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী।  


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…