
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে বাবা আরবাজ খানের দ্বিতীয় বিয়েতে নাচে-গানে মাতিয়ে দিয়েছিলেন আসর। বাবার বিয়েতে তাঁর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে কম চর্চা হয়নি। তবে যাবতীয় কটাক্ষ ও সমালোচনাকে উপেক্ষা করেই সৎমা সুরা খানের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন আরহান খান। মালাইকা অরোরা ও আরবাজ খানের ছেলে আরহান। ২০১৭ সালে বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে বাবার সঙ্গেই তাঁর ঘনিষ্ঠতা। সোমবার ছিল আরহানের জন্মদিন। বিশেষ এই দিনে সৎছেলের প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরা। শুধু শুভেচ্ছা জানানোই নয়, আরহানের ব্যক্তিত্বের প্রশংসা করে তাঁকে দিলেন বিশেষ স্বীকৃতিও।
সোমবার আরবাজ-মালাইকার প্রথম সন্তান আরহান খান ২৪ বছরে পা দিলেন। আর সৎছেলের জন্মদিন উপলক্ষে সোশাল পাড়ায় এক হৃদয়স্পর্শী বার্তায় শুভেচ্ছা উজাড় করে দিয়েছেন সুরা খান। আরহানের সঙ্গে কাটানো নানাবিধ মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়ে আরবাজের দ্বিতীয় স্ত্রী লিখেছেন, “তোমাকে যত বছর ধরে চিনি, তাতে একজন চমৎকার সন্তান এবং অসাধারণ বন্ধু হিসেবে তোমাকে সবসময়ই শ্রদ্ধা করেছি। তবে বড় দাদা হিসেবে তোমাকে দেখতে পাওয়াটা এক নতুন আবিষ্কার! দাদা হিসেবে তুমি নিজের মানদণ্ড এতটাই উঁচুতে নিয়ে গিয়েছ যে, সিপারা হয়তো এর থেকে কম কিছুতে সন্তুষ্ট হবে না। ও সত্যিই খুব ভাগ্যবান এক ছোট বোন, আর তুমি হলে লাখে একজন। আমাদের অনেক ভালোবাসা, সবসময়। শুভ জন্মদিন, আরহান ।”

সৎ মায়ের পোস্টে বোন সিপারার প্রতি আরহানের ভাব-ভালোবাসা, দায়িত্ব-কর্তব্যের ছবিও ধরা পড়েছে। আর সৎ ছেলের প্রতি সুরা খানের এহেন পোস্টই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে। সৎ মাকে পালটা ভালোবাসায় ভরিয়ে আরহান বলেছেন- ‘গোটা পরিবার একদিকে আর আমার বোন সিপারা আরেকদিকে।’ অন্যদিকে ছেলের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছাবার্তা এসেছে মালাইকা অরোরার তরফেও। জন্মদিনে দুই মায়ের ভালোবাসায় পরিপূর্ণ আরবাজপুত্র আরহান খান।
