
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। স্ত্রী অ্যানা কোনিডেলার সঙ্গে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি। একসময়ের জনপ্রিয় তেলুগু অভিনেতার ব্যক্তিগত জীবনে এই নিয়ে তৃতীয়বার দাম্পত্য সম্পর্কে ছেদ পড়তে চলেছে। তবে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটলেও পরস্পরের প্রতি সম্মান ও বন্ধুত্ব অটুট থাকবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন পবন ও অ্যানা।
তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা পবন ২০১৩ সালে বিয়ে করেছিলেন রাশিয়ান মডেল অ্যানা কোনিডেলা। বরাবরই প্রচারের আলো থেকে দূরে ছিল তাঁদের ব্যক্তিগত জীবন। সকলকে অবাক করে সোমবার সোশাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষণা করেন পবন ও অ্যানা। যৌথ বিবৃতিতে ওই দম্পতি লিখেছেন, ‘জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি একসঙ্গে কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দাম্পত্য জীবনের অবসান ঘটলেও আমরা ভালো বন্ধু। সন্তানদের প্রতি ভালো অভিভাবক হয়েই থাকব। সন্তানদের সুখ ও ভালো থাকাই আমাদের দু’জনের সর্বোচ্চ অগ্রাধিকার।’
পাশাপাশি তাঁরা আরও লিখেছেন, ‘জীবনের এই ব্যক্তিগত পরিবর্তনের সময় আমরা আপনাদের বোঝাপড়া, সহানুভূতি এবং আমাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান কামনা করছি। এই দীর্ঘ যাত্রাপথে যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ উল্লেখ্য, ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন পবন। ২০০৮ সালে সেই সম্পর্কে দাঁড়ি পরে। এরপর দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ২০১২ সালে সেই সম্পর্কও শেষ হয়। এরপর ‘তিন মার’ ছবির শুটিং চলাকালীন রুশ নাগরিক অ্যানা কোনিডেলার সঙ্গে পরিচয় হয়েছিল পবনের। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে অ্যানাকে বিয়ে করেন তিনি। পবন ও অ্যানার দুই সন্তান রয়েছে, এক মেয়ে এবং এক ছেলে।
