
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কালো টাকা, জাল নোট এবং দুর্নীতির কারবারে লাগাম টানতে ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে কার্যকর হয়েছিল নোটবন্দি। এবার একই লক্ষ্যে ৫০০ ও ২,০০০ টাকার নোট তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তাঁর মতে, উচ্চমূল্যের নোটের প্রচলন বন্ধ করা গেলে বড় অঙ্কের নগদ লেনদেন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এর ফলে দুর্নীতির শিকড়ে আঘাত হানার পাশাপাশি সম্পদ সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণের পথও আরও সুগম হবে বলে মনে করছেন তিনি।
ডিজিটাল মুদ্রা ও প্রশাসনে বেশি করে প্রযুক্তির ব্যবহারের পক্ষে জোরালো সওয়াল করে চন্দ্রবাবু জানান, অতীতেও এই বিষয়ে মতামত দিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও বারবার বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি বলেন, “ডিজিটাল মুদ্রা সংক্রান্ত প্রতিবেদনে আমিই মতামত দিয়েছিলাম। আগেও প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। এখন আবারও সেই দাবি জানাচ্ছি। আমি এই বিষয়টি উত্থাপন করতেই থাকব। ৫০০, ১০০০ এবং ২০০০ টাকার নোটগুলো বাতিল করাই উচিত। শুধু ১০০ এবং ২০০ টাকার নোটই থাকা উচিত বাজারে।”
অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এই মন্তব্যটি করলেন নোট বাতিলের সিদ্ধান্তের দশম বার্ষিকীর একদিন পর। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর মোদি সরকার ৫০০ ও ১০০০ টাকার নোটকে রাতারাতি বাতিল বলে ঘোষণা করেছিল। কালো টাকা, জাল মুদ্রা ও দুর্নীতি রোধের পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্তের নেওয়া হয়েছিল। ‘নোটবন্দি’ কালো টাকা, জাল মুদ্রা ও দুর্নীতি কতটা রুখতে পেরেছিল, তা নিয়ে অবশ্যি বিতর্ক রয়েছে।
