
চণ্ডীগড়, ৪ নভেম্বর : সরকারি জমি বেআইনিভাবে মিউটেশন ও কোটি কোটি টাকার সরকারি তহবিল তছরুপের অভিযোগে পঞ্জাবের মোগা জেলার আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ক ড. অমনদীপ কৌর আরোরার ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পঞ্জাব জুড়ে মোট সাতটি স্থানে বুধবার তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, ৭৫৪-এ নম্বর জাতীয় সড়কের জমি অধিগ্রহণের সময় সরকারি জমি জালিয়াতি করে ব্যক্তি মালিকানায় মিউটেশন করা এবং ভুয়ো ক্ষতিপূরণ পাইয়ে দিয়ে বিপুল সরকারি অর্থ তছরুপের অভিযোগ ওঠে। এই ঘটনায় ২০২৪ সালের ১৬ জুন পঞ্জাব পুলিশের দায়ের করা এফআইআরের (নম্বর ১০১) ভিত্তিতে ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (ইসিআইআর) মামলা রুজু করে তদন্তে নামে।
বুধবার সকালে শুরু হওয়া এই অভিযানে এএপি-এর পঞ্জাব মহিলা শাখার সভানেত্রী তথা মোগার বিধায়ক অমনদীপ কৌর আরোরা এবং তাঁর স্বামী ড. রাকেশ আরোরার বাসভবনে হানা দেয় ইডি-র বিশেষ দল। পাশাপাশি বিধায়কের পরিবার, ঘনিষ্ঠ সহযোগী এবং ড. রাকেশ আরোরার সঙ্গে যুক্ত একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (ডি-অ্যাডিকশন হাসপাতাল)-সহ একাধিক ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তল্লাশি চালানো হচ্ছে। জমি লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আর্থিক লেনদেনের হিসেব খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।
