Bigg Boss Bangla: জীতুকে বাঁচাতে নিজের চুলেই কোপ সৃজলার! ‘বিগ বস বাংলা’র ঘরে প্রেমের নতুন সমীকরণ

Bigg Boss Bangla
Bigg Boss Bangla

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: খেলার জয়, নাকি প্রেমের টান? রিয়্যালিটি শোয়ের ঘরে এই দ্বন্দ্ব এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। তবে ব্যতিক্রমী নজির গড়লেন টেলি অভিনেত্রী সৃজলা গুহ। নতুন প্রেমিকের পাশে থাকা, তাঁকে সাহস জোগানো কিংবা বারবার নিজের অনুভূতি প্রকাশ করা—সবেতেই যেন এক ধাপ এগিয়ে তিনি। এমনকি নিজের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ চুলের মায়াও ছাড়তে পিছপা হলেন না অভিনেত্রী। সোমবার ‘বিগ বস বাংলা’র ঘরে সেই ছবিই দেখা গেল। শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী জীতু কামালকে নমিনেশনের হাত থেকে বাঁচাতে বিগ বসের দেওয়া শর্ত মেনে এক মুহূর্ত না ভেবেই নিজের চুল কেটে ফেললেন সৃজলা। প্রেমের প্রস্তাবে এখনও সরাসরি সম্মতি না দিলেও এই আত্মত্যাগে যেন অনেক কথাই স্পষ্ট করে দিলেন তিনি। তবে শুধু সৃজলাই নন, পছন্দের সহ-প্রতিযোগীদের নমিনেশনের বিপদ থেকে বাঁচাতে নিরঞ্জন মণ্ডল, রনিতা দাস এবং মনামী ঘোষের টাস্কও নজর কেড়েছে। 

সোমবারের পর্বে বিগ বসের বাড়িতে দেখা গিয়েছে অভিনব এক নমিনেশন প্রক্রিয়া। নস্ট্যালজিয়া উসকে গার্ডেনে বসানো হয়েছে এসটিডি বুথ। সেখানে ফোন করছেন খোদ বিগ বস। বুথের ডিসপ্লে-তে দেখা যাচ্ছে একেকজন প্রতিযোগীর নাম। তাঁরা ফোন ধরলে জলদগম্ভীর কণ্ঠে বিগ বস জানাচ্ছেন, ওই প্রতিযোগী এই সপ্তাহের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে নমিনেটেড। তবে সুরক্ষিত হতে চাইলে মানতে হবে বিগ বসের শর্ত। একজন প্রতিযোগী অপরজনের জন্য নিজেদের স্বার্থত্যাগ করতে কতটা প্রস্তুত, এই পর্বে বকলমে তারই পরীক্ষা হল। নমিনেশন পর্বে জীতু কামালের পালা এলে বিগ বস তাঁকে সুরক্ষিত করার শর্ত হিসেবে জানান, সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলতে হবে। তাতে জীতুই প্রথম আপত্তি জানান। বলেন যে একজন নারীর সৌন্দর্য তাঁর চুল। তা কেটে ফেলার কথা তিনি বলতে পারবেন না। তার চেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে থাকতে প্রস্তুত তিনি। তাতে বিগ বস জানান, এটা একটা টাস্ক, জীতুকে চেষ্টা করতেই হবে। 


মনে বেশ খানিকটা দোলাচল নিয়েই তিনি সৃজলাকে বিগ বসের বার্তাটি দেন। চুল কাটতে হবে শুনে সৃজলা প্রথমে বিশ্বাস করতে পারেননি। তারপর বিষয়টা স্পষ্ট হতে একমুহূর্ত সময় নষ্ট না করে চুল কাটতে রাজি হয়ে যান অভিনেত্রী। নিজেই কাঁচি চালিয়ে কেটে তাঁর তরঙ্গায়িত চুলের অনেকটা। ছোট চুলে আরও মোহময়ী হয়ে ওঠেন সৃজলা। জীতু-সহ বাকি হাউসমেটরা তো বটেই, সৃজলার নয়া লুকের প্রশংসা করেন খোদ বিগ বসও। পরে জীতু নিজে সৃজলার অপটু হাতে কাটা চুল সেট করে দেন। এরপরও কি উচ্চারণ করে বলে দিতে হবে তাঁর প্রতি সৃজলার কী অনুভূতি? 

জীতু-সৃজলার এই সমীকরণের বাইরেও কিন্তু অন্যান্য প্রতিযোগীরা একে অপরকে বাঁচাতে বেশ কঠিন শর্ত মেনে কাজ করেছেন। এর মধ্যে সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া কাজ করেছেন নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন। রনিতা দাশকে সুরক্ষিত করার জন্য তাঁকে দেওয়া বিগ বসের শর্ত ছিল, বাড়ি থেকে আসা স্ক্র্যাপবুকটি আগুনে জ্বালিয়ে ফেলে নষ্ট করে ফেলতে হবে। রনিতা কোনওভাবেই নিরঞ্জনকে এই কাজ করতে দিতে চাইছিলেন না। কিন্তু সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিরঞ্জন দু,এক মুহূর্ত ভেবে তাতে রাজি হন। ঘরের ভিতর থেকে স্ক্র্যাপবুকটি আনার সময়ে হাউহাউ করে কেঁদে ফেলেন। তাঁকে জড়িয়ে ধরে শান্ত করেন সৃজলা। নিজেকে সামলে স্মৃতির প্রতীক ওই স্ক্র্যাপবুকটি জ্বালিয়ে দেন। তা দেখে রনিতাও কান্নাকাটি করেন। বাড়ির সকলের চোখ ঝাপসা হয়ে আসে। এরপর রনিতাকেও অবশ্য বেশ কঠিন একটি টাস্ক করতে হয় মনামী ঘোষকে সুরক্ষিত করার জন্য। মাছের সস, কাসুন্দি কাঁচা ডিমের সঙ্গে মিশিয়ে দাঁত ব্রাশ করার মতো বেশ উৎকট টাস্ক দেওয়া হয়। তা বেশ ভালোভাবেই করেন রনিতা। সকলে তাঁকে বাহবা দেন। কেউ কেউ অবশ্য বিগ বসের শর্ত মানতে পারেননি। তাই এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড সোনামনি সাহা, রাজবীর দে, তনুশ্রী রায় দাস। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…