
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের আইনি জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। নতুন করে কোনও মামলায় পুলিশ যাতে তাঁকে গ্রেপ্তার করতে না পারে, সেই মর্মে আগাম রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। তবে শুনানি শেষে সুমিত রায়ের সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি। ফলে আপাতত আদালতের তরফে কোনও রক্ষাকবচ পেলেন না অভিষেকের আপ্তসহায়ক।
আদালতের পর্যবেক্ষণ, আবেদনে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, সেগুলি বিস্তারিতভাবে বিবেচনা করা প্রয়োজন। তাই এই পর্যায়ে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া যাবে না। সুমিত রায়ের হয়ে আইনজীবী অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, তাঁর মক্কেল আপাতত অন্তর্বর্তী সুরক্ষার আর্জি জানিয়েছিলেন। অন্যদিকে বিষ্ণুপুরের ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের অন্তর্গত কালীতলা আশুতিপুর থানার পুলিশ তাঁকে নতুন করে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে খবর। বৃহস্পতিবার মামলার শুনানিতে সুমিত রায়ের আইনজীবী গোটা বিষয়টি বিচারপতির নজরে আনেন। তিনি আদালতে জানিয়েছেন, ইতিমধ্যেই জেল হেফাজতে আছেন সুমিত। আরও একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করা হয়েছে। বারবার নতুন মামলায় সুমিতের গ্রেপ্তারি এড়াতে রক্ষাকবচের আবেদন করা হলে বিচারপতি সৌগত ভট্টাচার্য তা খারিজ করে দেন।
অন্যদিকে, এদিন শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে জানান, অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বিশেষ কারণে এদিনের শুনানিতে উপস্থিত থাকতে পারছেন না। তাই রাজ্যের বক্তব্য পেশ করার জন্য আদালতের কাছে কিছুটা অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানানো হয়। মামলাটির পরবর্তী শুনানি আগামী সোমবার।
