
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ও জাগ্রত বুড়িমার পুজোকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। চাষা পাড়া বারোয়ারির তরফে প্রকাশ করা হয়েছে শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজোর নির্ঘণ্ট। এবছর ২৫৪ বছরে পা দিচ্ছে এই ঐতিহ্যবাহী পুজো। আগামী ১৭ নভেম্বর, মঙ্গলবার শুরু হবে পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার দশমী বিহিত পুজো ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের।
প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী, ৩০ কার্তিক, ইংরেজির ১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টা থেকে মানসিক দ্রব্যাদি গ্রহণ করা হবে। সন্ধ্যায় হবে প্রতিমা অলঙ্করণ। ওই দিন শেষ রাতে চারটের সময় বাদ্যযন্ত্র সহযোগে মঙ্গলঘটের জল আহরণ করা হবে। পরদিন, ১ অগ্রহায়ণ, অর্থাৎ ১৮ নভেম্বর বুধবার সকাল ৫টা ৫৮ মিনিটে দেবীর পূর্বাহ্নবিহিত সপ্তমী পুজো শুরু হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় নির্ধারিত হয়েছে। বেলা ১০টা ৩০ মিনিটে দেবীর মধ্যাহ্নবিহিত অষ্টমী পুজো শুরু হবে। দুপুর ১২টায় রয়েছে পুষ্পাঞ্জলি। এরপর বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে অপরাহ্নবিহিত নবমী পুজো। বিকেল ৩ টেয় বলিদান, ৩টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি এবং বিকেল ৪ টেয় আরতি ও হোম অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬ টায় হবে সন্ধ্যারতি।

পুজোর শেষ দিন, ২ অগ্রহায়ণ অর্থাৎ ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা ২২ মিনিটের মধ্যে দেবীর দশমীবিহিত পুজো ও বিসর্জনের পর্ব সম্পন্ন করার কথা নির্ঘণ্টে জানানো হয়েছে। একই দিন বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে দেবীকে আসন থেকে অবতরণ করানোর সময়সীমাও উল্লেখ রয়েছে। চাষাপাড়া বারোয়ারির পক্ষ থেকে প্রকাশিত এই নির্ঘণ্টে পুজোর প্রতিটি গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠানের সময় জানিয়ে দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে পুজোয় অংশগ্রহণ এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তরা আগাম প্রস্তুতি নিতে পারবেন। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ও ভক্তির আবহে বুড়িমা-র আরাধনাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের প্রত্যাশা।
