
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটা মানেই বোনের হাতের ফোঁটা, মিষ্টিমুখ আর ভাইয়ের হাতে উপহারের খাম। তবে এ বার চেনা রীতির বাইরে বেরিয়ে ভাই বা দাদার জন্য বেছে নিতে পারেন একটু অন্যরকম উপহার। এমন কিছু, যা পেয়ে সে-ও হয়ে উঠবে অবাক! মুখে কিছু না বললেও ভাইয়েরাও চান তাঁদের জন্য থাকুক বিশেষ কোনও চমক। তাই বাজেটের কথা মাথায় রেখেই রইল কিছু অভিনব উপহারের ভাবনা। শেষ মুহূর্তে অনলাইনে অপ্রয়োজনীয় কেনাকাটা নয়, বরং পছন্দ ও প্রয়োজন বুঝে করুন সঠিক উপহার নির্বাচন।
১. স্মৃতির বাক্স: ছোটবেলার ঝগড়া থেকে বড়বেলার বন্ধুত্ব, সবটাই বন্দি করতে পারেন একটা বাক্সে। একটা সুন্দর বাক্সে ভরে দিতে পারেন ছোটবেলার ছবি, দাদা বা ভাইয়ের লেখা কোনও পুরনো চিরকুট, দু’জনের ছেলেবেলার কিছু স্মৃতি আর নিজের হাতে লেখা একটা চিঠি। দাম দিয়ে এই উপহারটির বিচার করা কঠিন। নিজের হাতে বানিয়ে কিছু উপহার দিলে তার মূল্য নির্ধারণ করা যায় না। উপহারের বাক্সে রাখতে পারেন ভাইয়ের প্রিয় কফি। সঙ্গে তার নাম লেখা একটা কাস্টমাইজ় করা কাপ কিংবা নাম লেখা ওয়ালেট। এ ছাড়া দিতে পারেন একটি প্রিন্টেড টি-শার্ট বা কাস্টমাইজ়ড ঘড়ি। বাজার থেকে কেনা রেডিমেড হ্যাম্পারের থেকে এটা অনেক বেশি ভাল লাগবে ভাইয়ের।
২. শখের উপহার: যা ভালবাসে, সেটাই দিন। ভাই গেম খেলতে ভালবাসে? তা হলে একটা ভাল গেমিং মাউস বা হেডফোন। দাদা জিম করেন? তা হলে প্রোটিন শেকার বা একটা স্মার্ট বোতলও দিতে পারেন। ঘুরতে ভালবাসে? একটা কাস্টমাইজ়ড পাসপোর্ট কভার বা ব্যাকপ্যাক রাখতেই পারেন উপহারের তালিকায়।

৩. উপহার নয়, সময় দিন: জিনিসের থেকেও দামি হল একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত। একটা দিন একসঙ্গে কাটানোর পরিকল্পনা করুন। ভাই বা দাদার পছন্দের রেস্তরাঁয় খাওয়া, একটা সিনেমা দেখা, একসঙ্গে একটু কেনাকাটা— সারাটা দিন কাটান নিজেদের মতো করে। এ ছাড়া দু’জনে মিলে কলকাতার কাছেপিঠে থেকে ঘুরেও আসতে পারেন। উপহারের পাশে এই রকম একটা দিন ভাইয়ের কাছে হবে বাড়তি পাওনা।
৪.স্মার্ট উপহার: ভাইফোঁটায় উপহার হোক ‘স্মার্ট’। দিন বদলের সঙ্গে উপহারেও বদল আসছে। একটা স্মার্টওয়াচ, সানগ্লাস, বোতল কিংবা ফিটনেস গ্যাজেট রাখতেই পারেন উপহারের তালিকায়।
৫.শখপূরণ: ভাইয়ের স্বপ্নের জন্য একটু বিনিয়োগ করুন। ভাই যদি কিছু শিখতে চায় যেমন গিটার, ফটোগ্রাফি, কোডিং — তা হলে একটা ছোট কোর্সে ওকে ভর্তি করিয়ে দিতে পারেন। বয়স বাড়লে নিজেদের শখগুলি কোথাও যেন গুরুত্ব হারিয়ে ফেলে, ভাই বা দাদার সেই শখ পূরণের দায়িত্ব না হয় এ বার আপনিই নিলেন।
