Suvendu Adhikari: ‘সব আদিবাসীকে জমির অধিকার দেওয়া হবে’, ঝাড়গ্রাম থেকে একাধিক বড় ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়া হবে। রবিবার ঝাড়গ্রাম থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ভুয়ো তফসিলি জাতি (এসসি) শংসাপত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকার আদিবাসীদের নাম ব্যবহার করে ভুয়ো এসসি শংসাপত্র বিলি করেছিল। তবে বর্তমান সরকারের আমলে কোনওভাবেই এমন জাল শংসাপত্র দেওয়া বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ইতিমধ্যেই একাধিক ভুয়ো এসসি শংসাপত্রধারীকে চিহ্নিত করে ধরা হয়েছে বলেও জানান শুভেন্দু। পাশাপাশি শবর জনজাতির মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নতুন একটি প্রকল্পের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

বিরসা মুন্ডা’র জন্মজয়ন্তীতে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনে এদিন ঝাড়গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই এদিন তিনি বলেন, ”পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজ শুধু পাঁচজনকে নয়, গোটা রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দিলাম।” শুভেন্দু অধিকারীর কথায়, এই সরকার সমস্ত আদিবাসীকে জমির অধিকার দেবে। এজন্য যে গত কয়েকদিন আগেই ফরেস্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডিপার্টমেন্টের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, তাও এদিন জানান মুখ্যমন্ত্রী।  

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলেন, ”আগের মুখ্যমন্ত্রী লোকশিল্পীদের সঙ্গে হাত মেলানোর সময় গ্লাভস পড়েছিলেন। যারা আদিবাসী নয় তাঁদের ভুয়ো এসসি সার্টিফিকেট দিয়েছিলেন। কিন্তু এবার আর হবে না। কাউকে ভুয়ো সার্টফিকেট দেওয়া হবে না।” প্রশাসন যাতে এই বিষয়ে কড়া নজর রাখেন, সেই নির্দেশও এদিন দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে শবর সম্প্রদায়ের মানুষজন এবার থেকে পিভিজিটি স্কিমের সুবিধা পাবেন বলেও জানান। মুখ্যমন্ত্রী জানান, জাতীয় পিভিজিটির তালিকায় শরব সম্প্রদায় নেই। কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই স্কিমে শবরদের সাহায্য করবে। উল্লেখ্য, এদিন ঝাড়গ্রামে মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রাস্তা, অঙ্গনওয়ারি কেন্দ্র, হস্টেল, সেতু-সহ একাধিক প্রকল্প রয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…