
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো থেকে কালীপুজো, ভাইফোঁটা—পরপর উৎসবের আনন্দে অনেকটাই বেড়েছে সংসারের খরচ। কেনাকাটা, বাজি, উপহার ও খাওয়াদাওয়ায় ইতিমধ্যেই চাপ পড়েছে মাসিক বাজেটে। ফলে মাসের বাকি দিনগুলি কীভাবে সামলাবেন, তা নিয়ে চিন্তায় বহু পরিবার। আপনিও কি একই সমস্যায় পড়েছেন? তাহলে কয়েকটি সহজ কৌশল মেনে চললেই সীমিত বাজেটে বাকি দিনগুলি সামলানো সম্ভব। জানুন সংসারের খরচ নিয়ন্ত্রণে রাখার কিছু কার্যকর উপায়।
* আবার বেতন পেতে আর কতদিন বাকি, তা ভালো করে হিসাব করে নিন।
* এবার তালিকা তৈরি করুন এই কয়েকদিনের মধ্যে ঠিক কী কী গুরুত্বপূর্ণ খরচ করতেই হবে।
* সেই অনুযায়ী দেখে নিন আপনার কাছে কত টাকা রয়েছে। এবার ওই গুরুত্বপূর্ণ খরচের টাকা সরিয়ে রাখুন। বাকি টাকায় কয়েকটা দিন চলতে হবে, সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে ফেলুন।
* এই কয়েকদিন চেষ্টা করুন বাড়ির তৈরি খাবার খাওয়ার। অযথা বাইরের খাবার অর্ডার করে বাড়তি খরচ করবেন না।
* অযথা অনলাইন শপিং সাইটগুলিতে ঘুরপাকের অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করুন নিজেকে এসব হাতছানি থেকে দূরে রাখার।
* চলতি মাসের বাকি কয়েকটাদিন সপ্তাহান্তে বন্ধুবান্ধবদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন, তাঁদের সঙ্গে দেখা সাক্ষাৎ মানেই বাড়তি খরচ।
* চেষ্টা করুন কারও থেকে টাকা ধার না নেওয়ার। তিনি আপনার যত কাছেরই মানুষ হোন না কেন। দাঁতে দাঁত চেপে কটাদিন চলুন না। একবার না হয় পরীক্ষা করে দেখুন আপনি পারেন কিনা। কারণ, এভাবে কোনও হিসাবি মানুষ সংসার চালান না।
ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও রাশ টানুন। এভাবে বিলাসিতা করলে আখেরে আপনারই ক্ষতি। কারণ, পরবর্তীকালে ক্রেডিট কার্ডের বিল মেটাতে হবে আপনাকেই। তাই সংযমই যথার্থ পথ। চেষ্টা করুন খুব স্বল্প খরচে বাকি দিনগুলি কাটিয়ে দেওয়ার।
