Sharad Kapoor: ভাইরাল ভিডিওর পরই ভাগ্যবদল! হলিউডে পা রাখছেন ‘জোশ’ খ্যাত শরদ কাপুর

Actor Sharad Kapoor
Actor Sharad Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একসময় হিন্দি সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছিলেন শরদ কাপুর। তাঁর ‘রাফ অ্যান্ড টাফ’ লুক এবং সুদর্শন চেহারা নিয়ে একসময় বলিপাড়ায় বিস্তর চর্চা হত। কিন্তু সময়ের সঙ্গে যেন অনেকটাই বদলে গিয়েছেন সেই অভিনেতা। বর্তমান চেহারায় তাঁকে দেখে চেনা কঠিন। শারীরিক গঠন ভেঙে পড়েছে, হারিয়ে গিয়েছে আগের সেই গ্ল্যামার। এমনকি এই মুহূর্তে হাতে তেমন কোনও কাজও নেই। সম্প্রতি মুম্বইয়ের একটি পশুকল্যাণ কেন্দ্রে অত্যন্ত শীর্ণ চেহারায় দেখা যায় ‘জোশ’ খ্যাত অভিনেতাকে। সেখানে আবেগপ্রবণ হয়ে পড়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় উঠে আসেন তিনি। ভাইরাল সেই ভিডিও ঘিরে চর্চা শুরু হতেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন শরদ কাপুর।

অভিনেতা জানিয়েছেন, ইতিমধ্যেই একটি হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। জানুয়ারি থেকেই সম্ভবত সিনেমার শুটিং শুরু করবেন। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক হবে শরদের। তবে হলিউডে কাজের সুযোগ পেলেও বলিউডকে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই। সুস্থ হয়ে বলিউডেই পুরনো ছন্দে ফিরতে চান। শরদের কথায়, “ইতিমধ্যেই আমি একটি হলিউড ছবির প্রস্তাব পেয়েছি। আগামী জানুয়ারি মাসে সেই ছবির কাজ শুরু করব। পাশাপাশি বলিউডের ছবিতেও কাজ চালিয়ে যাব। এটাই আমার দেশ। আশা করছি, দু’মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে।” একেই বলে সাপে বর। সমাজমাধ্যমে কাজের আর্জি জানাতেই হলিউডে সুযোগ। বলিউডে কাজ চেয়ে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিন্টা) -এর দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। শরদ কাপুরের কাতর আর্তি, “সিন্টার কাছে আবেদন জানাতে চাই, আমি ভালো কাজের সন্ধানে রয়েছি। এইসময়ে আমার আপনাদের সমর্থনের প্রয়োজন। আমি জানি, আপনারা সবসময়ই সকলের পাশে দাঁড়িয়েছেন। আপনারা যদি মানসিকভাবে আমার পাশে দাঁড়ান, সেটাও এখন আমার জন্য বড় সমর্থন হবে।” 

শরদের ভিডিও ভাইরাল হতেই অনেক শুভাকাঙ্ক্ষী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সেবিষয়ে শরদ স্পষ্ট করে দেন যে, “আমি একজন ভালো অভিনেতা, আপনারা সেটা জানেন। টাকাটা এখানে কোনও সমস্যা নয়। আসল বিষয় হল, আমি আবার কাজ শুরু করতে চাই।” সরদের হলিউডে আত্মপ্রকাশের খবর অনুরাগীরা স্বস্তি পাবেন তা বলাই বাহুল্য। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…