
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের দেশজুড়ে কনসার্ট সফর ঘিরে এবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক শহরে অনুষ্ঠানের সূচির মধ্যে রয়েছে মুম্বইও। সেখানে তাঁর আসন্ন কনসার্টের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানালেন মহারাষ্ট্র স্টেট পঞ্জাবি সাহিত্য অ্যাকাডেমির এগ্জিকিউটিভ চেয়ারম্যান বল মলকীত সিংহ। এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি লিখেছেন তিনি। অভিযোগ, দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। সেই হুমকির উৎস খুঁজে বের করতে দ্রুত তদন্ত শুরু করার পাশাপাশি অনুষ্ঠানস্থলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন তিনি।
গত ১০ নভেম্বর লেখা ওই চিঠিতে মলকীত জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজীতের অনুষ্ঠান হওয়ার কথা। তার আগে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের কাছে ইমেল পাঠিয়ে কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। প্রশাসন এবং মুম্বই পুলিশের তরফে ইতিমধ্যেই নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে স্বীকার করেছেন মলকীত। তাঁর বক্তব্য, অনুষ্ঠানে ১,৫০০-রও বেশি বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। পাঁচটি প্রবেশপথে তল্লাশির ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি চলছে নিবিড় তল্লাশি অভিযান। তবে কনসার্টে হাজার হাজার মানুষের সমাগমের কথা মাথায় রেখে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

চিঠিতে তাঁর দাবি, সাইবার সেল যেন অবিলম্বে হুমকি ইমেল পাঠানো অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস এবং উৎস খুঁজে বার করে। কারা এই হুমকির নেপথ্যে রয়েছে, তা চিহ্নিত করারও আর্জি জানিয়েছেন তিনি। অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় অতিরিক্ত রাজ্য পুলিশ ও কুইক রেসপন্স টিম মোতায়েনের প্রস্তাব দিয়েছেন মলকীত। এ ছাড়াও গোটা অনুষ্ঠান চলাকালীন অ্যান্টি-স্যাবোটাজ স্কোয়াড, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজ়াল স্কোয়াড এবং কে-নাইন ইউনিটের নজরদারি অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এই কনসার্টের উদ্দেশ্য মহারাষ্ট্রের বাসিন্দাদের সঙ্গে পঞ্জাবি সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানো। এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি, জাতীয় সংহতি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। তাঁর কথায়, “অসামাজিক শক্তির ভয় দেখানো বা চাপ সৃষ্টির কৌশলের কাছে পঞ্জাবি সম্প্রদায় কিংবা মুম্বইয়ের বাসিন্দারা মাথা নত করবেন না।”
মুম্বই ও মহারাষ্ট্র পুলিশের দক্ষতার উপর আস্থা প্রকাশ করে তিনি জানিয়েছেন, অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে তিনি আশাবাদী। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) মনীষা মাইসকর, রাজ্য পুলিশের ডিজি সদানন্দ দাতে এবং মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও। বল মলকীত মহারাষ্ট্র শিখ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি।
