
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা ও নানা টানাপোড়েনের অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। বইটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও নানা বিশ্লেষণ। এরই মধ্যে আত্মজীবনীকে কেন্দ্র করে সোনিয়া গান্ধীকে নিশানা করে একের পর এক কটাক্ষ করেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের সূত্রপাত হয়। আর সেই বিতর্কের জেরেই এবার আইনি জটিলতায় জড়ালেন কঙ্গনা।
শুক্রবার শিমলায় কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তার ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩ (মিথ্যা তথ্য), ৩৫৬ (মানহানি) এবং ১৯৬ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উস্কে দেওয়া) ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইনস্টা স্টোরিতে সোনিয়া গান্ধী সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন কঙ্গনা রানাউত। ইতালি থেকে সোনিয়ার ভারতে আসা, গান্ধী পরিবারের বউ হওয়া এবং পরবর্তী ঘটনাক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। এখানেই ক্ষান্ত থাকেননি সাংসদ-অভিনেত্রী। সোনিয়া গান্ধীকে ‘ইটালির কোটিপতি বিধবা’ বলেও কটাক্ষ করেন তিনি। কঙ্গনার দাবি, সহানুভূতি আদায় করেই দীর্ঘদিন ক্ষমতার অলিন্দে থেকেছেন সোনিয়া। এমনকী গান্ধী পরিবার থেকে মানেকা গান্ধীকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার অভিযোগও তোলেন তিনি প্রবীণ নেত্রীর বিরুদ্ধে। সোনিয়াকে ‘রহস্যময়ী বিদেশি নাগরিক’ বলেও খোঁচা দেন কঙ্গনা। নেত্রী-অভিনেত্রীর দাবি, ‘ইমার্জেন্সি’ ছবিতে কাজ করার সময় সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবার সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তিনি।

কঙ্গনার প্রশ্ন, ‘কীভাবে এক রহস্যময়ী বিদেশি নাগরিক গান্ধী পরিবারে প্রবেশ করলেন? আর তারপর ইন্দিরা গান্ধী খুন হলেন, সঞ্জয় গান্ধীর মতো সম্ভাব্য উত্তরাধিকারী মারা গেলেন, রাজীব গান্ধীও প্রাণ হারালেন। শেষ পর্যন্ত সিংহাসনের একমাত্র দাবিদার হিসেবে রয়ে গেলেন সেই বিদেশি নাগরিক, সোনিয়া গান্ধী। এতগুলো কাকতালীয় ঘটনা নিয়ে মানুষের মনে কোনও প্রশ্ন জাগেনি! ওই বিদেশি মহিলা প্রকাশ্যেই বিদেশি স্বার্থের প্রচার করেছেন। সন্ত্রাসবাদীদের জন্য কুমিরের কান্নাও কেঁদেছেন। তা সত্ত্বেও ২০১৪ সাল পর্যন্ত তিনি কীভাবে কয়েক দশক ধরে সরকার পরিচালনার কেন্দ্রে ছিলেন?’ এখানেই থামেননি। সোনিয়া গান্ধীর বিপুল সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা। তাঁর দাবি, ‘সারা জীবনে এক পয়সা উপার্জন না করে ১৯৯১ সালে কীভাবে তিনি বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হয়ে উঠলেন? তাঁর নামে সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২০০ কোটি ডলারেরও বেশি অর্থ জমা ছিল, বাহ! পরিবারের প্রত্যেকের মৃত্যুর পর হঠাৎ করেই সহানুভূতি আদায় করা এক অসহায় ইটালীয় বিধবা কোটিপতি হয়ে গেলেন? তাঁর জীবনীতে এসব প্রশ্নের উত্তর কেন নেই?’ সোনিয়ার বিরুদ্ধে এহেন বাক্যবাণের জেরেই শুক্রবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে শিমলায় এফআইআর দায়ের হয়েছে।
