
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে এখন ‘রামায়ণ’-এর দাপট। নীতেশ তিওয়ারীর পৌরাণিক কাহিনি ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। এরই মাঝে শুক্রবার, ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তিনটি নতুন ইংরেজি ছবি। তবে এই সপ্তাহে নতুন কোনও বড় হিন্দি বা অন্য ভারতীয় ভাষার ছবি মুক্তির তালিকায় জায়গা করে নেয়নি।
মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলির মধ্যে রয়েছে জিম কেভিজ়েলের অ্যাকশন থ্রিলার ‘গোস্ট সোলজার’, সিলভেস্টার স্ট্যালোনের জীবনের লড়াই অবলম্বনে নির্মিত ‘আই প্লে রকি’ এবং অ্যানিমেশননির্ভর কল্পকাহিনি ‘ওয়াইল্ডউড’। তিনটি ছবিই ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে। ফলে এই সপ্তাহে হলিউডের ছবিই থাকছে সিনেমাপ্রেমীদের মূল আকর্ষণ।
১) তিনটি ছবির মধ্যে অ্যাকশনপ্রেমীদের নজর কাড়তে পারে ‘গোস্ট সোলজার’। ছবির কেন্দ্রে হেনরি ফিটজ় নামে এক চরিত্র। অতীতের রহস্য আড়াল করে নিজের শহরে নিরিবিলিতে দিন কাটাচ্ছিল সে। কিন্তু এক বিদেশি সংস্থা যখন তার এবং প্রতিবেশীদের জমি দখল করে ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করতে চায়, তখন বদলে যায় পরিস্থিতি। ফিটজ়-এর রয়েছে বিশেষ বাহিনীর সামরিক প্রশিক্ষণ। নিজের বাড়ি ও এলাকার মানুষের অধিকার রক্ষায় ফের লড়াইয়ে নামতে বাধ্য হয় সে।
২) ‘আই প্লে রকি’ ছবির আকর্ষণ একেবারেই অন্য রকম। পিটার ফ্যারেলি পরিচালিত এই ছবি সিলভেস্টার স্ট্যালোনের জীবনের সেই অধ্যায় তুলে ধরবে, যে লড়াইয়ের পরিণতিতে জন্ম নিয়েছিল হলিউডের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘রকি বালবোয়া’। স্ট্যালোন তখন প্রায় অচেনা এক অভিনেতা। নিজের লেখা চিত্রনাট্য নিয়ে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরছেন। কিন্তু তাঁর একটাই শর্ত, ছবিতে রকির চরিত্র তাঁকেই অভিনয় করতে দিতে হবে। প্রযোজকেরা প্রতিষ্ঠিত তারকাকে নিতে চেয়েছিলেন। চিত্রনাট্যের জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাবও এসেছিল। কিন্তু নিজের শর্ত থেকে এক চুলও সরেননি স্ট্যালোন। শেষ পর্যন্ত নিজের স্বপ্নের চরিত্রে অভিনয়ের সুযোগ আদায় করেই ছাড়েন তিনি। সেই লড়াইয়ের নেপথ্যকাহিনিই এ বার বড়পর্দায়। স্ট্যালোনের জীবনের এই অধ্যায় যেন আরও এক বার মনে করিয়ে দেয়, পর্দার অদম্য রকি আর বাস্তবের অভিনেতার লড়াইয়ের মধ্যে আশ্চর্য মিল রয়েছে।
৩) তৃতীয় ছবি ‘ওয়াইল্ডউড’ একেবারেই অন্য জগতের বাসিন্দা। ট্রাভিস নাইট পরিচালিত এই অ্যানিমেশন-নির্ভর কল্পকাহিনির কেন্দ্রে কিশোরী প্রু ম্যাককিল। এক ঝাঁক দাঁড়কাক তার ছোট ভাইকে অপহরণ করে নিয়ে যায় এক জঙ্গলে। ভাইকে উদ্ধার করতে সহপাঠী কার্টিসকে সঙ্গে নিয়ে সেই রহস্যময় জঙ্গলে পাড়ি দেয় প্রু। কিন্তু সেখানে গিয়ে তারা আবিষ্কার করে, জঙ্গলের নিজস্ব এক জাদুর জগৎ রয়েছে। সেই জগতের নানা প্রাণী, রহস্যময় চরিত্র এবং সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ে দুই কিশোর-কিশোরী। তাদের উদ্ধার অভিযান ক্রমে পরিণত হয় এক বৃহত্তর লড়াইয়ে। শিশুদের দেখার জন্য এই ছবি বেছে নেওয়া যেতে পারে।
বক্স অফিসে যেন 'রামরাজত্ব' কায়েম করেছে নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ: রাইজ় অফ আ লেজেন্ড’। রণবীর কপূর, যশ ও সাই পল্লবী অভিনীত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই দেশীয় বাজারে ৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। বিদেশের বাজারেও ছবির দাপট চোখে পড়ার মতো। দীপাবলি ও ভাইফোঁটার ছুটিকে কাজে লাগিয়ে যে বিপুল ব্যবসা করেছে ছবিটি, তাতে হাজার কোটির ক্লাবে প্রবেশ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
