
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শিল্পের প্রসারের নামে পাহাড় ও জঙ্গল ধ্বংস করে জমি অধিগ্রহণের প্রবণতা কোনওভাবেই মেনে নিতে রাজি নয় রাজ্য সরকার। প্রান্তিক অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে ঠিকই, তবে সেই উদ্যোগ হতে হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব। বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অতিরিক্ত ৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেন তিনি। শিল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে দুর্গাপুর-জামশেদপুর জাতীয় সড়ক সম্প্রসারণের পাশাপাশি জঙ্গলমহলের একটি হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ১০০ করার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণায় এলাকার পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে।
পূর্বঘোষণামতো বাঁদনা পরবে বাঁকুড়ার রাইপুরের বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আদিবাসী মহিলারা তাঁকে ফোঁটা দেন, পিঠে খাওয়ান। এরপর বক্তব্য রাখতে গিয়ে তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এঁরাই জঙ্গলমহলের মূলবাসী। এঁদের উন্নতির কথা ভাবতে হবে। আমি আজ কুটুম হিসেবে আপনাদের কাছে এসেছি। পাহাড়, জঙ্গলে হাত দিতে দেব না কাউকে। এখানকার আদিবাসী, মূলবাসীরা প্রকৃতি পুজো করেন। তাঁদের আবেগে আঘাত দিতে আমি দেব না। আমি বলে দিয়ে যাচ্ছি, পুরুলিয়া আর বাঁকুড়ায় পরিবেশবান্ধব শিল্প হবে। দূষণ হবে না। এর জন্য আমরা কীভাবে জমি নেব, সেসব আপনাদের সবার সঙ্গে আলোচনা করে সরকার ঠিক করবে।”
উল্লেখ্য, পুরুলিয়ায় পাহাড় আর বাঁকুড়ায় জঙ্গল শিল্পপতিদের টার্গেট। কিন্তু এভাবে নির্বিচারে অরণ্য ধ্বংসের বিরুদ্ধে সেখানকার আদিবাসী সমাজ। প্রকৃতি বাঁচানোর দাবিতে প্রায়শয়ই বিক্ষোভে দেখা গিয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রীর পরিবেশবান্ধব শিল্পের ঘোষণা তাঁরা আশ্বস্ত। এদিন আরও এক রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘‘১৫ তারিখ আবার আসব পুরুলিয়ায়। এখানকার সব সামাজিক সংগঠনকে এক ছাতার তলায় আনব। বাউড়ি, বাগদি, কুড়মি, রাজবংশীদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসব কীভাবে কী করা যায়। জমি নিয়ে আলোচনা করব। আগেকার সরকার বাউড়ি বনাম বাগদি, কুড়মি বনাম মাহাতো – এভাবে সব ভেদাভেদ করেছিল। ওই বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি আর চলবে না। সবাই এক উন্নয়নের আওতায় থাকবেন। এই সরকার আমার নয়, বিজেপির নয়, এটা আপনাদের সরকার। আপনাদের অধিকার আছে, সেটা আদায় করে নেবেন।”
এনিয়ে বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ এর দীপক দুলের বক্তব্য, ‘‘সরকারের উন্নয়ন চাকরি-বাকরি এবং সংবিধানের নানা অধিকার দেওয়ার ক্ষেত্রে সমস্ত জাতিকে এক ছাতায় তলায় এনে কাজ করলে খুবই ভালো। তবে প্রতিটা জাতির কৃষ্টি-সংস্কৃতি ভিন্ন ভিন্ন, তাই সেক্ষেত্রে প্রত্যেক জাতিসত্তা তাদের নিজস্বতা বজায় রাখবে এবং তাতে সরকারের কোনও বিধিনিষেধ কার্যকরী হবে না।” জঙ্গলমহলের হলুদ কানালি হাসপাতালে ১০০ শয্যায় সম্প্রসারিত করার ঘোষণাও এদিন করেছেন মুখ্যমন্ত্রী।
