
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আসন পুনর্বিন্যাস বিল সংসদে পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করতে তৎপর কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যেই এবার সংসদের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, সরকারি ভাবে বাদল অধিবেশন এখনও শেষ হয়নি। অন্যদিকে, শীতকালীন অধিবেশনও আসন্ন। এমন পরিস্থিতিতে বহুচর্চিত এই বিলটি দ্রুত সংসদে পাশ করাতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। সেই কারণেই নিয়মিত অধিবেশনের বাইরে গিয়ে বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
৮৮ দিন কেটে গিয়েছে। তবু শেষ হয়নি সংসদের বাদল অধিবেশন ভারতের ইতিহাসে এতদিন ধরে অধিবেশন চলার নজির নেই। প্রথম থেকেই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি সুর চড়িয়েছিল বিষয়টি নিয়ে। কেন অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে না, কী উদ্দেশ্যে কেন্দ্র এখনও অধিবেশন চালিয়ে যাচ্ছে, সেই নিয়ে বারবার প্রশ্ন তুলেছে হাত শিবির। ১৩ আগস্ট লোকসভা ও রাজ্যসভা উভয়ই অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত, পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যেই অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত বাদল অধিবেশন স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
বিরোধীরা প্রথম থেকেই দাবি করে এসেছে, আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর জন্য বাদল অধিবেশনের সমাপ্তি হয়নি। সেই অনুমানই এবার সত্যি হতে চলেছে। সূত্রের খবর, প্রায় ৬ মাস ধরে নানারকম প্রচেষ্টার পর অবশেষে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধন বিল পাশ করানোর জন্য দুই-তৃতীয়াংশের সমর্থন মিলেছে। মোদি সরকার এবার যথেষ্ট আত্মবিশ্বাসী এই বিল পাশ করানো নিয়ে। সেকারণেই আগামী কয়েকদিনের মধ্যে বিল পাশ করানোর জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে।
এর আগে বিশেষ অধিবেশন ডেকেই পেশ হয়েছিল এই বহুচর্চিত বিল। সেবার ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংসদের দুই-তৃতীয়াংশ সমর্থন মেলেনি। সেই ব্যর্থতা যেন আবার না ঘটে তার জন্য কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। একাধিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি নেতারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশের মতে, ‘যেন তেন প্রকারেন দুই তৃতীয়াংশ সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বুলডোজার নীতি চালাতে চাইছেন। কিন্তু বিরোধীরা এই ষড়যন্ত্র ব্যর্থ করবে।’ কয়েকদিন পরেই শীতকালীন অধিবেশন রয়েছে। তার আগেই বিশেষ অধিবেশন ডাকা হতে পারে।
