Abhishek Banerjee: ভবানীপুর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ, ‘গুজরাতি গ্যাং’ মন্তব্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক দু’দিন আগে সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। ওই পোস্টে ‘গুজরাতি গ্যাং’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার ভবানীপুর থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে অভিষেক জানান, কেন তিনি ওই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, তার যথেষ্ট ব্যাখ্যা রয়েছে। তদন্তকারী আধিকারিকদের সামনে সেই ব্যাখ্যাও তিনি তুলে ধরেছেন বলে দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। নারদ মামলার প্রসঙ্গ টেনে অভিষেকের প্রশ্ন, ওই মামলায় কেন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি বা হচ্ছে না?

গত ২ মে এক্সে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ। তার ভিত্তিতে ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। অভিষেকের পোস্টে আপত্তি তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। তাঁর অভিযোগ, জ্ঞানেশকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করে অভিষেক সমাজমাধ্যমে পোস্ট করে ঘৃণা ছড়িয়েছেন।সেই অভিযোগের ভিত্তিতে শনিবার অভিষেককে তলব করে ভবানীপুর থানার পুলিশ। শনিবার বেলা ১২টা ১৯ মিনিট নাগাদ তিনি থানায় পৌঁছোন। থানা থেকে বার হন বিকেল ৪টে ৩৪ মিনিট নাগাদ। প্রায় সওয়া চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। থানার সামনে সাংবাদিকদের প্রশ্নে তেমন কোনও উত্তর দেননি। তবে কালীঘাটে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশের সমন, জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ জানান, তদন্তকারীরা যা যা জানতে চেয়েছেন তাঁর কাছে, সেই সব উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি সব সময় তদন্তে সহযোগিতা করে এসেছি। পালিয়ে তো যাইনি। আমি দেশের আইনকে সম্মান করি। যত বার ডেকেছে হাজিরা দিয়েছি। আমার যতটা সামর্থ্য রয়েছে আমি সহযোগিতা করেছি। যা জানতে চেয়েছে উত্তর দিয়েছি।’’ 

সেই প্রসঙ্গে অভিষেক টেনে আনেন নারদ প্রসঙ্গ। শুভেন্দুর নাম না-করে তিনি বলেন, ‘‘পাঁচ বছরে বিরোধী দলনেতা, যাঁকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁকে তো একবার পুলিশ ডাকেনি। তাঁকে হাই কোর্ট রক্ষাকবচ দিয়ে রেখেছে।’’ অভিযোগ ওঠে, অভিষেকের পোস্টে অশান্তি সৃষ্টি হতে পারত? সেই অভিযোগকে ‘অনুমান (হাইপোথ্যাটিক্যাল)’ বলে উড়িয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক আবারও বিজেপি-কে ‘বাংলা বিরোধী’ বলে খোঁচা দিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমি আগেও বলেছি, এখনও বলছি বিজেপি বাংলা বিরোধী। বিজেপি নেতাদের মিছিল থেকে শ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে।’’ তার পরেই অভিষেকের সংযোজন, ‘‘বিজেপি নেতারা বলেছে, বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে।’’ সেই প্রসঙ্গ বলতে গিয়ে বিজেপি নেতা অমিত মালবীয়ের পোস্টের কথা তুলে ধরেছেন। অভিষেক জানান, তিনি অমিতের পোস্টের উল্লেখ করেই ‘গুজরাতি গ্যাংয়ের’ করা বলেছেন।

দিন দুয়েক ধরে দেখা যাচ্ছে অভিষেকের বাড়ির সামনের ফুটপাত খালি করার কাজ করছে পুলিশ-পুরসভা। চলেছে বুলডোজ়ার। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘এই ফুটপাতে অনেক দোকান আছে। আমি বিজেপি-কে বলব, বুলডোজ়ার চালালে আমার উপর চালাল, গরিব মানুষদের উপর নয়। প্রয়োজনে আমার বাড়িতে বুলডোজ়ার চালান।’’ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। একাধিক বার তিনি পুলিশ ও সিআইডি-র কাছে হাজিরা দিয়েছেন। শুক্রবার অন্য একটি মামলায় তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিতে গিয়েছিল পুলিশ। গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। ওই মামলায় আগামী ২০ নভেম্বর অভিষেককে গিরিশ পার্ক থানায় হাজির হতে বলা হয়েছে। অভিষেক বলেন, ‘‘আমি যাব।’’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…