Krishnanagar Food Trail: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখার পাশাপাশি জমিয়ে খাওয়াদাওয়া? রইল পেটপুজোর সেরা কয়েকটি ঠিকানা

krishnanagar jagadhatri puja
krishnanagar jagadhatri puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই চোখধাঁধানো আলোকসজ্জা, বিশাল প্রতিমা দর্শন আর রাতভর উৎসবের আমেজ। তবে ঠাকুর দেখার ফাঁকে রসনাতৃপ্তির আয়োজনও তো চাই! পুজোর রাতে কোথায় কী সুস্বাদু খাবার পাওয়া যাবে, তা নিয়ে চিন্তা নেই। কৃষ্ণনগরে ঘুরতে ঘুরতে পেটপুজো সারতে জেনে নিন কয়েকটি জনপ্রিয় খাবারের ঠিকানা। 

অধর চন্দ্র দাস অ্যান্ড সন্স: কৃষ্ণনগর মানেই সরভাজা আর সরপুরিয়া। আজও সরভাজা ও সরপুরিয়ার সেরা ঠিকানা অধর চন্দ্র দাস। ১৯০২ সালে নেদিয়াপাড়ায় পথচলা শুরু করা এই শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠান আজও কৃষ্ণনগরের অন্যতম গর্ব।

হাভেলি ফ্যামিলি রেস্তরাঁ: পরিবার নিয়ে বসে খাওয়ার উপযুক্ত ঠিকানা এই রেস্তরাঁ। এম. এম. ঘোষ স্ট্রিটের এই রেস্তরাঁয় বাঙালি, ভারতীয় ও ইন্দো-চাইনিজ—বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। ঠাকুর দেখতে বেরিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে লাঞ্চ বা ডিনার করার জন্য এটি রাখতেই পারেন তালিকায়।

চন্দ্রোদয় ফুড কর্নার: দুপুরে ঠাকুর দেখতে দেখতে খিদে পেলে ঘরোয়া বাঙালি খাবার খেতে পারেন এই দোকানে। মূলত সাদামাঠা ও সুস্বাদু বাঙালি পদের জন্য এই দোকান এলাকায় বেশ পরিচিত। দামও সাধ্যের মধ্যে।

রান্নাবাটি: দুপুর হোক বা রাত, বাঙালি খাবারের পাশাপাশি নানা ভারতীয় ও ইন্দো-চাইনিজ পদও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রোডের এই রেস্তরাঁয়। ঠাকুর দেখতে গিয়ে পরিবার অথবা বন্ধুদের নিয়ে অনায়াসে ঢুঁ মারতে পারেন এখানে।

দ্য কাবাব ক্রনিকলস: আপনি যদি হন কাবাবপ্রেমী, তা হলে কৃষ্ণনগরের এই রেস্তরাঁয় আপনাকে আসতেই হবে। এখানে এলে অবশ্যই চেখে দেখুন মালাই কাবাব, রেশমি কাবাব এবং তন্দুরির নানা পদ।

মাদার্স হাট: সমাজমাধ্যমেও চিরপরিচিত এই রেস্তরাঁ আস্ত একটি ফুডপার্ক। জাতীয় সড়ক ধরে কলকাতা বা মুর্শিদাবাদের দিক থেকে কৃষ্ণনগরে ঠাকুর দেখতে এলে অবশ্যই ঢুঁ দিন এই রেস্তরাঁয়।

হ্যাংলা ক্যাফে অ্যান্ড ফ্যামিলি রেস্তরাঁ: কৃষ্ণনগরের কাছাকাছি সোঁদা এলাকায় এই ফ্যামিলি রেস্তরাঁ বেশ জনপ্রিয়। বাঙালি-সহ ভারতীয়, চাইনিজ এবং নানা ধরনের খাবারের সম্ভার রয়েছে এখানে। মূল শহর থেকে দূরত্ব একটু বেশি হলেও নিজস্ব গাড়ি থাকলে পুজোর ভিড় এড়িয়ে খাওয়ার সেরা জায়গা এটি।

কী ভাবে যাবেন: শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। স্টেশন থেকে টোটো বা অটো ধরে শহর ঘুরে ঠাকুর দেখা ও খাওয়াদাওয়া— দুটোই অনায়াসে সারা যাবে। যাঁরা নিজস্ব গাড়িতে যাবেন, তাঁরা ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সরাসরি কৃষ্ণনগরে পৌঁছে যেতে পারেন। তবে পুজোর জন্য অনেক ক্ষেত্রেই রাস্তায় প্রবেশের নিষেধাজ্ঞা থাকতে পারে। ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলে সে দিকে নজর রাখবেন। অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…