Chandannagar Jagaddhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় বিশ্বরেকর্ডের লক্ষ্য, চন্দননগরে ঘিরে বাড়ছে উন্মাদনা

Chandannagar Jagaddhatri Puja 2026
Chandannagar Jagaddhatri Puja 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তারপরই আলো, শিল্প আর উৎসবের আবহে মেতে উঠবে চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। দেবীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আলোর শহর চন্দননগর সেজে উঠছে নানা রঙের আলপনা ও শিল্পকর্মে। এরই মধ্যে উৎসবের আবহকে আরও বর্ণময় করে তুলতে নজিরবিহীন উদ্যোগ নিল চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি। তাদের উদ্যোগে আয়োজিত হল এক বিশাল আলপনা প্রতিযোগিতা। চন্দননগরের রাজপথে একই সঙ্গে আলপনা আঁকতে বসেন প্রায় ১,২০০ জন শিল্পী ও প্রতিযোগী। তাঁদের রং-তুলির ছোঁয়ায় উৎসবের আগে নতুন সাজে ধরা দিল শহরের রাজপথ। এই বিপুল সংখ্যক শিল্পীর অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে বিশেষ উৎসাহ। জগদ্ধাত্রী পুজোর আগেই এই আয়োজনের হাত ধরে বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন দেখছে উদ্যোক্তারা।


চন্দননগরের অন্যতম প্রাচীন পুজো হিসেবে পরিচিত বাগবাজার জগদ্ধাত্রী পুজো এবার ১৯২ বর্ষে পদার্পণ করল। এর মধ্যে কমিটির আলপনা প্রতিযোগিতাটি ১৮তম বর্ষে পা রাখল। জানা গিয়েছে, ১৭৫তম বর্ষ উদযাপনের সময় প্রথমবার রাজপথে এই আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।সেবার প্রতিযোগী সংখ্যা ছিল মাত্র ১৬৩ জন। তবে সময়ের সাথে সাথে এর ব্যাপকতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এবছর হুগলি ছাড়াও অন্যান্য বিভিন্ন জেলা থেকে আগত মোট ১২০০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।বাগবাজার পুজো মণ্ডপকে কেন্দ্রে রেখে আশপাশের তিনটি প্রধান রাস্তা, বাগবাজার রোড, শীতল প্রসাদ ঘোষ রোড এবং নীলকণ্ঠ সরকার রোড-জুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তুলির টানে রাজপথ সেজে ওঠে অপরূপ ঐতিহ্যবাহী কারুকার্যে।

প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহ। উদ্যোক্তাদের দাবি, একক কোনো পুজো কমিটির পরিচালনায় এটিই বিশ্বের সবচেয়ে বড় আলপনা প্রতিযোগিতা। পূজা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জোরালো দাবি তোলা হয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…