Jagaddhatri Puja Bhog Recipe: জগদ্ধাত্রী পুজোর নবমীতে দেবীর ভোগে বোয়াল মাছের শুক্তো! হিমাদ্রি কালীবাড়ির বিশেষ পদ তৈরির রেসিপি জানেন?

Spicy Boal Fish Shukto from Himadri Kali Bari
Spicy Boal Fish Shukto from Himadri Kali Bari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শুধু চন্দননগর বা কৃষ্ণনগর নয়, কলকাতাতেও বহু প্রাচীন জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য রয়েছে। তেমনই একটি পুজো হয় হাতিবাগানের হিমাদ্রি কালীবাড়িতে। এই পুজোর অন্যতম আকর্ষণ দেবীর বিশেষ ভোগ। সপ্তমী থেকে দশমী পর্যন্ত নানা পদ নিবেদন করা হয় দেবীকে। তার মধ্যে নবমীর বিশেষ পদ বোয়াল মাছের শুক্তো। সাধারণত শুক্তো বলতে নিরামিষ ও তেতো স্বাদের রান্নার কথাই মনে আসে। কিন্তু হিমাদ্রি কালীবাড়ির এই পদ একেবারেই আলাদা। এতে নেই তেতো স্বাদ, বরং মাছের স্বাদে ঝাল ঝাল এই শুক্তো বেশ অভিনব। কেমন করে তৈরি করবেন এই বিশেষ পদ? রইল তার রেসিপি। 

∆ উপকরণ—

বোয়াল মাছ - ২০০ গ্রাম

বেগুন - ১টি

মেথি - আধ চা চামচ

শুকনো লঙ্কা - ২টি

তেজ পাতা - ১টি

হলুদ গুঁড়ো - আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো - আধ চা চামচ

আদা বাটা - ১ চা চামচ

সর্ষের তেল - পরিমাণ মতো

নুন – স্বাদ মতো

∆ প্রণালী—

বোয়াল মাছ ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তার পরে ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রেখে দিন।

এর পরে একটা বেগুন মাছের মতোই ডুমো ডুমো করে কেটে নিন।

এ বার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিন। তেল গরম হলে মাছের টুকরোগুলো ভাল করে ভেজে নিন। তার পরে মাছ ভাজা তেলেই ভেজে নিন কেটে রাখা বেগুন।

তার পরেও যদি কড়াইতে তেল বেঁচে গিয়ে থাকে, তা হলে ভাল। না হলে খানিকটা তেল দিয়ে তাতে ফোড়ন দিন শুকনো লঙ্কা, মেথি আর তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। মশলা তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিন ভেজে রাখা বোয়াল মাছ আর বেগুনের টুকরো। ভাল ভাবে কিছু ক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন আদা বাটা। এ বার আঁচ কমিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। ঢাকা খুলে সব কিছু একটু নেড়েচেড়ে নামানোর ঠিক আগে উপর থেকে ছড়িয়ে দিন সর্ষের তেল। তা হলেই তৈরি জগদ্ধাত্রী পুজোর ভোগের এই বোয়াল মাছের শুক্তো।

যদি মনে হয় আদার কাঁচা গন্ধ থাকবে, তা হলে ভুল করছেন। বরং আদার সুন্দর ঘ্রাণ বেরোবে এই রান্না থেকে। আর মেথি ফোড়ন দেওয়ার কারণেই শুক্তোর মতো গন্ধ পাবেন। এই রান্নাতে আলাদা করে জল দেওয়ারও দরকার নেই।

দুপুর বেলা গরম ভাতের সঙ্গে এই বোয়াল মাছের শুক্তো থাকলে হয়তো একটু বেশিই খাওয়া হয়ে যেতে পারে! 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…