Chandannagar Festival Guide: আলোর শহরে প্রথমবার জগদ্ধাত্রী দর্শন! কীভাবে যাবেন, কোন পথে ঘুরবেন, জেনে নিন সব তথ্য

Jagadhatri Puja 2026
Jagadhatri Puja 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর, বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমী। তবে চন্দননগরে উৎসব শুরু হয়ে যাচ্ছে ১৫ নভেম্বর অর্থাৎ ষষ্ঠী থেকেই। তাই সপ্তাহান্তেই চাইলে ঘুরে আসতে পারেন ফরাসডাঙার জগদ্ধাত্রী দর্শনে।

কলকাতা থেকে চন্দননগর পৌঁছোনোর সবচেয়ে সহজ উপায় লোকাল ট্রেন। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল বা বর্ধমানগামী লোকাল ট্রেনে উঠে সরাসরি পৌঁছে যেতে পারেন চন্দননগর। সময় লাগবে প্রায় ৪০-৫০ মিনিট। কম খরচে এবং যানজটের ঝক্কি এড়িয়ে পৌঁছতে ট্রেনই সবচেয়ে সুবিধাজনক।  এ ছাড়াও ব্যারাকপুর বা জগদ্দল থেকে ফেরিতে গঙ্গা পার হয়ে চন্দননগরে পৌঁছনো যায়। তবে সড়কপথে যেতে চাইলে মাথায় রাখতে হবে, কলকাতা থেকে চন্দননগরের দূরত্ব মোটামুটি ৪০-৪৫ কিলোমিটার। পুজোর সময়ে সন্ধ্যার পর ভিড় বাড়ে, বিভিন্ন রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রিত হতে পারে। ফলে শহরে পৌঁছতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। তাই হাতে সময় নিয়ে বেরোনোই ভাল। সম্ভব হলে বিকেল ৪টের মধ্যে চন্দননগরে পৌঁছে যান।

চন্দননগরের সবচেয়ে বড় আকর্ষণ তার চোখধাঁধানো আলোকসজ্জা। তাই বিকেল থেকে পুজো পরিক্রমা শুরু করাই সবচেয়ে ভাল। আলো জ্বলে ওঠার পর মণ্ডপ ও প্রতিমার পাশাপাশি শহরের বিখ্যাত আলোকসজ্জাও উপভোগ করতে পারবেন। তবে মনে রাখবেন, চন্দননগরের অধিকাংশ পুজো মণ্ডপ ঘুরে দেখতে হবে হেঁটেই। তাই আরামদায়ক জুতো পরে বেরোনোই বুদ্ধিমানের কাজ।  ভিড় এড়াতে চাইলে মানকুণ্ডু বা ভদ্রেশ্বর স্টেশনে নেমেও পরিক্রমা শুরু করতে পারেন। সে ক্ষেত্রে উল্টো দিক থেকে পুজো দেখা শুরু করে শেষে পৌঁছতে পারেন চন্দননগরের মূল শহরে। এতে ভিড়ের চাপ কিছুটা এড়ানোর সুযোগ মিলতে পারে।

প্রথম বার চন্দননগর গেলে অবশ্যই ঘুরে দেখুন শহরের কয়েকটি বিখ্যাত ও প্রাচীন পুজো। তালিকায় রাখতে পারেন আদি মা, মেজো মা, বড়বাজার, চারমন্দিরতলা এবং বাগবাজারের মতো পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানে শুধু থিমের সমাহার নয়, বরং ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন।  চন্দননগর জুড়ে যত জগদ্ধাত্রী পুজো হয়, এক দিনে সব ক’টি ঘুরে দেখা কার্যত কঠিন। তাই যাওয়ার আগে পছন্দের পুজোগুলির একটি তালিকা তৈরি করে নিন। তা হলে সময় বাঁচবে, পরিক্রমাও হবে অনেক বেশি পরিকল্পনামাফিক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…