
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নভেম্বরের হালকা শীতের আমেজের মধ্যেই ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে বাংলায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটি অর্ণব ও মুরাসুর মতোই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রেহাই নাও পেতে পারে পশ্চিমবঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি-গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার সন্ধ্যায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। মছলিপত্তনমের কাছে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বুধবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়া হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা বেশি।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়া জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফে।
