
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘক্ষণ ধরে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা এবং বারবার আত্মসমর্পণের আবেদন জানিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু কোনও কথাতেই সাড়া দেয়নি সে। জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার অন্যতম মূল চক্রী তথা লস্কর-ই-তইবার কমান্ডার লতিফ ভাট একটি মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল। শেষ পর্যন্ত আত্মসমর্পণ না করায় সেখানেই অভিযান চালিয়ে তাকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী।
গত ১১ নভেম্বর কুলগাম জেলার একটি চেকপয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। মোটর বাইকে এসে ক্যাম্প লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালানো হয়। অতর্কিত এই হামলায় আহত হয়েছিল ৩ জওয়ান। তদন্তে জানা যায়, এই হামলার নেপথ্যে ছিল ভারতে লস্করের শেষ কমান্ডার লতিফ ও তার সঙ্গী। ঘটনার দিন কুলগামে একাধিক সিসিটিভি ক্যামেরায় তাদের ছবি ধরা পড়ে। গত সোমবার কুলগামে লারু এলাকায় সেনা অভিযানে মৃত্যু হয় লতিফের সঙ্গী নিসার দারের। তবে সেখান থেকে কোনও মতে পালায় লতিফ। এরপর থেকেই তাঁর খোঁজে উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ-সেনা।
বুধবার গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে, লতিফ কুলগামের দেবসারের জাঙ্গলপোরা গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরই তাকে ধরতে যৌথ অভিযানে নামে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা। নিরাপত্তাবাহিনীর একটি সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছানোর পরই লতিফের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। তাতে আহত হয় লস্কর জঙ্গি। কিন্তু তা সত্ত্বেও কোনওমতে লতিফ একটি মসজিতে আশ্রয় নেয়। এরপরই পরিস্থিতি জটিল হয়। কারণ, উপাসনালয়টির কোনও ক্ষতি না করে লস্কর জঙ্গিকে নিস্ক্রিয় করা ছিল নিরাপত্তাবাহিনীর কাছে প্রধান চ্যালেঞ্জ। এর মাঝেই লতিফকে একাধিকবার সতর্কবার্তাও দেওয়া হয়। তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় নিরাপত্তাবাহিনী।
জম্মু-কাশ্মীর পুলিশের কুলগাম জেলার এসএসপি এনায়েত আলি জানিয়েছেন, লতিফের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা হয়। তিনি নিজে দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলেন। আত্মসমর্পণের আহ্বান জানান। এছাড়া ৯ রাষ্ট্রীয় রাইফেলস (৯ আরআর)-এর কমান্ডিং অফিসারও লস্কর জঙ্গিকে বারবার আত্মসমর্পণ করতে অনুরোধ করেন। আশ্বাস দেন, আত্মসমর্পণ করলে লতিফের প্রাণ রক্ষা হবে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় জঙ্গি নেতা। কথোপকথনের কিছুটা অংশ প্রকাশ্যে এসেছে। সেখানে লতিফের উদ্দেশে এক নিরাপত্তাকর্মীকে বলতে শোনা যায়, “আত্মসমর্পণ করুন। আমরা আপনার সঙ্গে আছি।” পালটা লস্কর জঙ্গি জানায়, গুলির লড়াইয়ে মৃত্যু হলেই বেশি খুশি হবে সে। বলে, “আমার সঙ্গে একমাত্র আল্লা আছে।”
এরপর আর দেরি করেনি বাহিনী। মসজিদের ভিতরে তারা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তারপরই লতিফ সেখান থেকে বেরিয়ে আসে। দৌড়ে পালানোর সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয় সে। অভিযানের পর এসএসপি এনায়েত বলেন, “দিনের আলোয় উজ্জ্বল ছিল চারপাশ। আমাদের হাতে সময়ও ছিল। পরিস্থিতি অনুকূল ছিল।”
কে এই লতিফ ভাট?
নিরাপত্তাবাহিনীর সূত্রে খবর, ২০২৫ সালের ১৮ নভেম্বর পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবায় যোগ দেয়। উপত্যকায় শান্তি ভঙ্গ ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার জন্য পাকিস্তান থেকে সে নির্দেশ পেত। লতিফ কাশ্মীরের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি হিসাবে তালিকাভুক্ত ছিল। পুলিশ সূত্রে খবর, কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলার আগে লতিফ ও তার সঙ্গী মীর বাজার, আখরান, হাবলিশ, কিলাম-সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছিল। তদন্তকারীরা জানিয়েছেন, গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশ আধিকারিকদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তার সঙ্গেও সে যুক্ত ছিল লতিফরা। এছাড়া গত ১ আগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিককে হত্যার নেপথ্যেও লতিফের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
