Bilkis Bano case: ‘আমার কথা না শুনেই নির্দেশ কেন?’ সুপ্রিম কোর্টের রায়ে ফের সরব বিলকিস বানো

Bilkis Bano on Supreme Court granting bail to 2 convicts
Bilkis Bano on Supreme Court granting bail to 2 convicts

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ বিলকিস বানো। গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড শর্তসাপেক্ষে স্থগিত রাখার নির্দেশ ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিলকিসের অভিযোগ, তাঁর বক্তব্য শোনার সুযোগ না দিয়েই দ্বিতীয়বারের জন্য এমন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একটি বিবৃতি প্রকাশ করে তিনি নিজের ক্ষোভ ও মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেছেন। সেখানে বিলকিস লিখেছেন, “আমি ভীষণভাবে ব্যথিত ও স্তম্ভিত। এখনও বিশ্বাস করতে পারছি না যে, এই নিয়ে দ্বিতীয়বার সুপ্রিম কোর্ট আমাকে না ডেকে এবং আমার বক্তব্য না শুনেই নির্দেশ জারি করল। সংবাদমাধ্যমের কাছ থেকেই আমাকে এই খবর জানতে হয়েছে।” আদালতের এই সিদ্ধান্তে ফের ন্যায়বিচার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

বিলকিস জানিয়েছেন, তিনি নিজের, সন্তানদের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কিতও। তিনি বিচারব্যবস্থার প্রতি বিশ্বাস হারাচ্ছেন বলেও জানিয়েছেন বিলকিস। তাঁর কথায়, ‘ন্যায়বিচার পাওয়ার জন্য আমি দীর্ঘ দিন ধরে কঠিন লড়াই করেছি। কিন্তু আজ তা হারিয়ে ফেলছি বলেই মনে হচ্ছে। সেই পুরোনো ভয় আবার ফিরে আসছে। নিজের, সন্তানদের এবং পরিবারের জন্য আবার ভয় করছে আমার। যে লোকগুলো আমার সঙ্গে এত কিছু করেছে, মাননীয় সুপ্রিম কোর্ট কী ভাবে তাদের সাজা স্থগিত করে দিতে পারে? আদালত আমাকে একটা খবর পর্যন্ত দিল না কেন? এজলাসে আমার কথা শোনার প্রয়োজন কেউ অনুভব করল না কেন?’ 

নিজের আইনজীবী তথা সিনিয়র অ্যাডভোকেট শোভা গুপ্তের মাধ্যমে এই বিবৃতি প্রকাশ করেছেন বিলকিস। জানিয়েছেন, শীর্ষ আদালতের এই নির্দেশকে তিনি চ্যালেঞ্জ করবেন। লিখেছেন, ‘আমি এই নির্দেশের বিরুদ্ধে বিরুদ্ধে লড়ব। আমাকে এটা করতেই হবে। আমি আমার সন্তানদের জন্য লড়ব। ওরা কেন এই ভয় আর মানসিক যন্ত্রণা নিয়ে বাঁচবে? আমি দেশের সকল নারীর জন্য লড়ব। যাতে কোনও নির্যাতিতাকেই গোটা জীবন ধরে ন্যায়বিচারের জন্য এ ভাবে এত পরীক্ষার মুখোমুখি হতে না হয়।’ প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ মে বম্বে হাই কোর্ট বিপিনচাঁদ কানাইয়ালাল জোশী এবং প্রদীপ রামনলাল মোড়িয়ার আবেদন খারিজ করেছিল। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা। সম্প্রতি বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পিবি বড়ালের বেঞ্চ তাদের সাজা স্থগিত করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…