
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কুলগামে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের উপর জঙ্গি হামলার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী। বাহিনীর তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা বা অ্যাডভাইজ়ারি। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ডিউটিতে থাকাকালীন প্রত্যেক জওয়ানকে বাধ্যতামূলকভাবে বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হবে। শুধু তাই নয়, নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনে মোবাইল ফোনের ব্যবহারও কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক হামলার পর জওয়ানদের সুরক্ষা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার জেরে সতর্ক আধা সামরিক বাহিনী। তাই CRPF-এর নিরাপত্তা আরও জোরদার করা, সতর্কতা বৃদ্ধি এবং যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতেই এই অ্যাডভাইজ়ারি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। CRPF-এর অ্যাডভাইজ়ারিতে মূলত দশটি নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, ডিউটির সময়ে বাহিনীর প্রত্যেক কর্মীকে পরতে হবে বুলেটপ্রুফ জ্যাকেট এবং সুরক্ষা সরঞ্জাম। দ্বিতীয়ত, নাকা চেকিং পয়েন্ট এবং স্থায়ী বাহিনী মোতায়েনের বাঙ্কারও হতে হবে বুলেটপ্রুফ। তৃতীয়ত, টহলদারির সময়ে নজরদারি ও সতর্কতা বাড়াতে হবে। চতুর্থত, বাহিনী মোতায়েনের জায়গায় পর্যাপ্ত আলো যেন থাকে। পঞ্চমত, ডিউটির সময়ে খুব বেশি মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে নির্দেশিকায়।
পাশাপাশি বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থার উপরে উচ্চপদস্থ আধিকারিকদের নজরদারি চালানোর কথাও বলা হয়েছে। ইউনিট কম্যান্ড্যান্ট ও কোম্পানি কম্যান্ডারদের জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন দায়িত্ব ও অবস্থান সম্পর্কে ব্রিফিং এবং SOP মেনে চলার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। কোনও হামলা বা অনভিপ্রেত ঘটনা ঘটলে কী ভাবে দ্রুত পদক্ষেপ করতে হবে, সেই নিয়ম মেনে চলার উপরেও জোর দিয়েছে CRPF। নির্দেশিকায় সতর্ক করে বলা হয়েছে, সমস্ত নির্দেশ কার্যকর হচ্ছে কি না তা ইউনিট কমান্ড্যান্ট ও কোম্পানি কম্যান্ডাররা নিজে গিয়ে খতিয়ে দেখবেন। নির্দেশিকা পালনে কোনও রকম অবহেলা বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ভাইফোঁটার দিন সিআরপিএফের ক্যাম্পে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। আহত হন তিন জওয়ান। এক জনের হাতে, এক জনের পায়ে এবং অন্য জনের তলপেটে গুলি লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, মোট তিন জন হামলা চালিয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে জানা যায়, জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে ওই এলাকায় পৌঁছেছিল তাঁরা। গুলি চালিয়ে আবার জঙ্গলের পথেই পালিয়ে গিয়েছিল। মোট ৩০ রাউন্ড গুলি চালিয়েছিল জঙ্গিরা।
