Forged birth certificate case: আজম খানকে বড় স্বস্তি সুপ্রিম কোর্টের, খারিজ উত্তর প্রদেশ সরকারের আর্জি

Supreme Court on Azam Khan
Supreme Court on Azam Khan

 

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : ভুয়ো জন্ম শংসাপত্র মামলায় সমাজবাদী পার্টির (সপা) প্রবীণ নেতা আজম খানের সাজা স্থগিত রাখার যে নির্দেশ এলাহাবাদ হাইকোর্ট দিয়েছিল, তার বিরুদ্ধে উত্তর প্রদেশ সরকারের দায়ের করা আবেদন মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে বড়সড় আইনি স্বস্তি পেলেন সপা নেতা। শুধু আজম খানই নন, এই একই মামলায় একই ধরনের স্বস্তি চেয়ে তাঁর স্ত্রী তাজিন ফাতমা এবং ছেলে আবদুল্লাহ আজম খানের দায়ের করা আবেদনগুলিও মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। এর ফলে আজম খানের পাশাপাশি তাঁর স্ত্রী ও ছেলের ক্ষেত্রেও নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিত রাখার পথ প্রশস্ত হলো। উল্লেখ্য, ছেলে আবদুল্লাহ আজম খানের দু'টি ভিন্ন জন্ম শংসাপত্র তৈরি করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় রামপুরের একটি বিশেষ আদালত আজম খান, তাঁর স্ত্রী তাজিন ফাতমা এবং ছেলে আবদুল্লাহ আজম খানকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। পরবর্তীকালে এই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট আজম খানের সাজায় স্থগিতাদেশ জারি করে।

এলাহাবাদ হাইকোর্টের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল উত্তর প্রদেশ সরকার। অন্যদিকে, হাইকোর্টের ওই একই নির্দেশের ভিত্তিতে নিজেদের সাজার ওপরেও স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন তাজিন ফাতমা এবং আবদুল্লাহ আজম খান। এদিন উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে উত্তর প্রদেশ সরকারের আবেদন খারিজ করে দেয় বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ এবং আজম খানের স্ত্রী ও পুত্রের আবেদন মঞ্জুর করে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…