
অমৃতসর, ১৫ নভেম্বর : পঞ্জাবকে মাদক-মুক্ত করার লক্ষ্যে রবিবার অমৃতসরে এক বিশাল মাদকবিরোধী ম্যারাথনের আয়োজন করে কংগ্রেস। ম্যারাথনের নাম রাখা হয় ‘নেশা ছাড়ো, ভারত জোড়ো’, এই কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা পঞ্জাবের বর্তমান মাদক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে মাদক পাচার রুখতে ব্যর্থতার অভিযোগে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।
কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা বলেন, "বর্তমানে পঞ্জাবে ‘নেশা ছাড়ো, ভারত জোড়ো’ অভিযান চলছে। কংগ্রেস দল সর্বদাই গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলি তুলে ধরেছে। আজকের দিনে একটি সুস্থ ও সবল শরীর বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ একজন সুস্থ মানুষ কখনোই মাদকের ধারেকাছে যাবেন না। এখানে এই উদ্যোগটি আয়োজন করা হয়েছে এবং কংগ্রেস দল এটিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"
রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়ে আউজলা আরও বলেন, "আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা একবার সরকার গঠন করলে পাঞ্জাবকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করব। পঞ্জাবের মাদক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ; এটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে।"
সীমান্ত নিরাপত্তা এবং ড্রোনের মাধ্যমে পাচারের বিষয়টি উত্থাপন করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে কংগ্রেস সাংসদ বলেন, "পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে বিপুল পরিমাণে মাদক ও অস্ত্র পাচার হয়ে আসছে। এটি মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন করার কথা ছিল, কিন্তু তারা তা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।"
