
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিলকিস বানো মামলায় বড়সড় আইনি মোড়। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দুই আসামিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ১৭ বছরেরও বেশি সময় কারাগারে কাটানোর পর শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দরেশ ও প্রসন্ন বি ভারালের বেঞ্চের নির্দেশে স্বস্তি পেল তারা। একই সঙ্গে দুই আসামির যাবজ্জীবন সাজাও রদ করা হয়েছে।
২০২২ সালের ১৫ আগস্ট স্বাধীনতার অমৃত মহোৎসবে ১১ জন দোষীকে মুক্তি দেওয়া হয়েছিল গুজরাট হাই কোর্টের নির্দেশ মেনে। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় জেলেই ফিরতে হবে ধর্ষকদের। আর নির্দেশ মেনে গোধরা জেলে আত্মসমর্পণ করে ১১ জন। এবার জামিন পেল সেই আসামিদের মধ্যেই দু’জন। প্রসঙ্গত, ২০০২ সালে গোধরা দাঙ্গার সময়ে গণধর্ষণের শিকার হন বিলকিস। তার পরে আজীবন কারাদণ্ড দেওয়া হয় ১১ ধর্ষককে। কিন্তু ২০২২ সালের ১৫ আগস্ট আচমকাই জেল থেকে ছেড়ে দেওয়া হয় তাদের। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস। শীর্ষ আদালত জানিয়ে দেয়, ধর্ষকদের মুক্তি দেওয়ার এক্তিয়ার নেই গুজরাট সরকারের। তাই ধর্ষকদের অবিলম্বে জেলে ফিরতে হবে। এরপর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিলকিস বলেন, “গত দেড় বছরে এই প্রথমবার হাসতে পারলাম। মনে হচ্ছে বুকের উপর থেকে পাথর নেমে গেল। এখন নিঃশ্বাস নিতে পারব। এটাই মনে হয় ন্যায়বিচার। শুধু আমাকে নয়, দেশের সমস্ত মহিলাকে আশার আলো দেখিয়েছে এই রায়। সকলকে ন্যায়বিচারের আশা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ।”
অবশেষে এদিনের রায়ে স্বস্তি পেল দু’জন আসামি। রায়দানের সময় বিচারপতিরা তাদের দীর্ঘ সময় জেলবন্দি থাকা এবং দুই আসামির একজনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতাকে স্বস্তি দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। আইন সংক্রান্ত এক ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, বেঞ্চ জানিয়েছে, “উভয় আপিলকারীই ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছে, যাদের মধ্যে একজন গুরুতর অবস্থার প্রতিবন্ধীও। আপিলটিতে তথ্য ও আইন উভয় ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে, যা বিবেচনার দাবি রাখে।”
