
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইটালির নাগরিক হয়েও ভারতে এসে প্রকাশ্য মঞ্চ থেকে ‘ভোট চুরি’র স্লোগান তুললেন এক বিদেশি নেতা! তেলেঙ্গানার কংগ্রেস সরকারের আয়োজিত ‘ভারত সম্মেলন’-এ পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস-এর সেক্রেটারি জেনারেল গিয়াকোমো ফিলিবেকের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শনিবার ওই সম্মেলনের মঞ্চ থেকেই তিনি ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান দেন। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সূত্রের দাবি, ভারতে এসে এ ধরনের রাজনৈতিক মন্তব্য করা ভিসার শর্তের পরিপন্থী হতে পারে। সেই সূত্রেই ইটালির এই নেতার বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
শনিবার ওই সম্মেলনে ফিলিবেক দাবি করেন যে ভারতে গণতন্ত্র আক্রান্ত। তিনি গণতন্ত্র রক্ষায় রাহুল গান্ধী ও কংগ্রেসের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মঞ্চে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানও তোলেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে, উদ্বেগজনক পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের সমাবেশ, সম্মেলন ও শীর্ষ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে গণতন্ত্র আক্রমণের শিকার এবং আমাদের একে রক্ষা করতে হবে। আর একে রক্ষা করার সর্বোত্তম উপায় হলো রাহুল গান্ধী এবং কংগ্রেস পার্টির পাশে দাঁড়ানো।”
এই মন্তব্যকে হাতিয়ার করে তোপ দাগতে শুরু করেছে বিজেপি। রবিবার মহারাষ্ট্রের এক জনসভা থেকে সরাসরি রাহুলকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “দেশ-বিদেশ থেকে বামপন্থায় বিশ্বাসীদের আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের রাজপুত্রও সেখানে ছিলেন। তারা এর নাম দিয়েছিল ‘ভারত সম্মেলন’। অথচ রাহুল গান্ধী একটা আন্তর্জাতিক সম্মেলনে ভারত-বিরোধী মতামত প্রকাশ করে গোটা বিশ্বের কাছে ভারতের বদনাম করেছেন।” নাম না করে এক্স-এ পোস্টে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাতে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের হস্তক্ষেপের সমালোচনা করে প্রশ্ন তোলা হয়েছে। রিজিজু লিখেছেন, ‘কোনও বিদেশি যখন ভারতকে অপমান করে, তখন কাউকে হাসতে দেখেছেন কি? আমি এটা জিজ্ঞাসা করছি না যে, কোন ভারতীয় বিদেশে গিয়ে ভারতকে অপমান করে।’
কেন্দ্রের নানা সূত্রের মতে, ভারতে দাঁড়িয়ে এমন মন্তব্য করে ভিসার নিয়ম ভেঙেছেন ফিলিবেক। তিনি বিদেশি, ভারতে এসেছেন কনফারেন্স ভিসায়। তাই ভারতে দাঁড়িয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার অধিকার নেই তাঁর। এবার এই কারণে ফিলিবেকের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে কিনা, সেদিকে নজর থাকবে।
