
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতি যেন বেশ ভালোভাবেই টের পেল পর্তুগাল। তাঁর ছায়া সরে যেতেই ডেনমার্কের বিরুদ্ধে বড়সড় ধাক্কা খেল দল। ব্রুনো ফার্নান্ডেজদের চার গোল হজম করে লজ্জাজনক পরাজয়ের মুখে পড়তে হল। তবে পর্তুগালের এই হারে যেখানে সমর্থকদের মন খারাপ, সেখানে উল্টো সুর শোনা গেল রোনাল্ডোর মা দোলোরেস আভেইরোর গলায়। দলের হার নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাঁর। বরং পর্তুগালের এমন হারে প্রকাশ্যেই সন্তোষ প্রকাশ করেছেন সিআর সেভেনের মা। তাঁর এই মন্তব্য ঘিরেই ফুটবল মহলে শুরু হয়েছে নতুন চর্চা।
একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে দোলারেস বলেন, “ওরা রোনাল্ডোকে ঠকিয়েছে। কেউ ওকে সম্মান করত না। এমনকী ওর সতীর্থরাও অসম্মান করেছে। তাই আমি মনে করি, পর্তুগালের জাতীয় দলের জন্য এই পরাজয়টাই প্রাপ্য। আমার তো খুবই আনন্দ হয়েছে ম্যাচের ফলাফল দেখে।” ডেনমার্কের বিরুদ্ধে ওই ম্যাচে গোটা পর্তুগাল দলই নেমেছিল রোনাল্ডোর সাত নম্বর জার্সি পরে। ম্যাচের সপ্তম মিনিটে গোটা স্টেডিয়ামের দর্শকরা হাততালি দিয়ে রোনাল্ডোকে সম্মান জানান। দোলারেস অবশ্য় তাতেও সন্তুষ্ট নন। বলছেন, “রোনাল্ডোর উপস্থিতিতে ওকে শ্রদ্ধা জানানো উচিত ছিল। ও যেখানে নেই সেখানে সম্মান জানানোর অর্থই হয় না।”
জানা গিয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর রোনাল্ডোকে সংবর্ধনা দেবে তাঁর ছোটবেলার ক্লাব স্পোর্টিং সিপি। সেই সিদ্ধান্তে খুশি দোলারেস। সাংবাদিক সম্মেলনে পর্তুগিজ কোচ জর্জে জেসুসকে প্রশ্ন করা হয় রোনাল্ডোর মায়ের মন্তব্য নিয়ে। তিনি বলেন, “এবার রোনাল্ডোর মা কী বললেন সেই নিয়েও আমাকে কথা বলতে হবে? উনি আমারও মাতৃসম। আমি ওঁকে সম্মান করি। মা তো মা’ই হন, তাঁদের আলাদা আবেগ থাকে। উনি কেন একথা বলেছেন বুঝতে পারছি।”
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ক্রিশ্চিয়ানো। তাই আগে থেকেই ঠিক ছিল তাঁকে সম্মান জানাতে পর্তুগাল দলের প্রত্যেক ফুটবলার পরবেন তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি। সেই মতো ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভারা ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন ডেনমার্কের বিরুদ্ধে। পর্তুগাল যখন একের পর এক গোল হজম করছে তখন যেন গ্যালারি থেকে আরও বেশি বেশি করে রোনাল্ডোর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন সমর্থকরা। আসলে ঘুরিয়ে তাঁরা কোচ জেসুসকে বার্তা দিচ্ছিলেন, রোনাল্ডোর সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি তিনি পাচ্ছেন। সমর্থকরা রাগবেন নাই বা কেন, পর্তুগালের ১৫০ বছরের ফুটবলের ইতিহাসে ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় হার।
