West Bengal

6 hours ago

Howrah Station: হাওড়া স্টেশনে মধ্যপ্রদেশের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪৪ লক্ষ টাকা নগদ

Cash recovered at Howrah Station
Cash recovered at Howrah Station

 

হাওড়া, ২ অক্টোবর : হাওড়া স্টেশনে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। মধ্যপ্রদেশ থেকে আসা শিপ্রা এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ নিয়ে ভ্রমণের কোনও বৈধ কাগজপত্র বা প্রমাণ দেখাতে না পারায়, ওই যাত্রীকে আটক করে আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। গত কয়েক দিনে হাওড়া স্টেশনে পরপর নগদ টাকা উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশ নিরাপত্তা ও নজরদারি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার আরপিএফ-এর দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ওই দিন হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে ডাউন শিপ্রা এক্সপ্রেস আসে। মধ্যপ্রদেশের বিদিশা থেকে আসা রোহিত সিং নামে এক যাত্রীর সন্দেহজনক চলাফেরা দেখে সেখানে কর্মরত আরপিএফ-এর সন্দেহ হয়। আধিকারিকরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন| এরপর তার ব্যাগ তল্লাশি করতেই টাকার বান্ডিল উদ্ধার হয়। টাকা গুনে দেখা যায় উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ মোট ৪৪ লক্ষ টাকা।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিত সিং দাবি করে, সে এই টাকা নিয়ে কলকাতায় সোনা কিনতে এসেছিল। তবে নিজের দাবির সমর্থনে কিংবা টাকার বৈধ উৎসের প্রমাণ হিসেবে সে কোনও নথিপত্র দেখাতে পারেনি। এরপরই আরপিএফ সম্পূর্ণ টাকা বাজেয়াপ্ত করে এবং আয়কর দফতরকে খবর দেয়। খবর পেয়ে আয়কর দফতরের আধিকারিকরা হাওড়া স্টেশনে পৌঁছে উদ্ধার হওয়া নগদের পাশাপাশি ওই যাত্রীকেও নিজেদের হেফাজতে নেন। এই টাকার প্রকৃত উৎস কী এবং এর পেছনে কোনও হাওয়ালা চক্র বা আন্তঃরাজ্য বেআইনি কারবারের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা।

উল্লেখ্য, হাওড়া স্টেশনে নগদ টাকা উদ্ধারের ঘটনা এটিই প্রথম নয়, সম্প্রতি এটি তৃতীয় বড় ঘটনা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মহারাষ্ট্রের বাসিন্দা সুজিত কালে নামে এক ব্যক্তিকে আটক করেছিল আরপিএফ, তার কাছ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এর কয়েক দিন পরেই বন্দে ভারত এক্সপ্রেসে আসা অন্য এক যাত্রীকে হাওড়া স্টেশনের পুরোনো কমপ্লেক্স থেকে আটক করা হয়, তার কাছে ২১ লক্ষ টাকা নগদ ও সোনা উদ্ধার হয়েছিল।

You might also like!