Festival and celebrations

59 minutes ago

Durga Puja 2026: কবে কুমারী পুজো বেলুড় মঠে? প্রকাশ হল দুর্গাপুজোর নির্ঘণ্ট, রইল সময়সূচি

Ramkrishna Mission durga puja 2026
Ramkrishna Mission durga puja 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ২০২৬ সালের শ্রীশ্রীদুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, এ বছর ১৮, ১৯ ও ২০ অক্টোবর যথাক্রমে সপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। মঠের তরফে প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী, দুর্গাপুজোর মূল আচার-অনুষ্ঠান শুরু হবে ষষ্ঠীর দিন, ১৬ অক্টোবর থেকেই। ফলে ষষ্ঠী থেকেই বেলুড় মঠে শুরু হয়ে যাবে শারদোৎসবের বিভিন্ন ধর্মীয় আচার ও প্রস্তুতি।

১৬ অক্টোবর, শুক্রবার — ষষ্ঠী: সকাল ৬টায় হবে কল্পারম্ভ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হবে শ্রীশ্রীমা দুর্গার বোধন।

১৭ অক্টোবর, শনিবার — অধিক পূজা: সকাল ৫টা ৪০ মিনিটে পুজো শুরু। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হবে আমন্ত্রণ ও অধিবাস।

১৮ অক্টোবর, রবিবার — সপ্তমী: ভোর ৫টা ৪০ মিনিটে পুজো শুরু হবে। এই দিন থেকেই মূল দুর্গাপুজোর পর্ব শুরু।

১৯ অক্টোবর, সোমবার — মহাষ্টমী: ভোর ৫টা ৪০ মিনিটে পুজো শুরু। সকাল ৯টায় কুমারী পুজো এবং সকাল ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৬ মিনিট পর্যন্ত সন্ধিপুজো অনুষ্ঠিত হবে।   

২০ অক্টোবর, মঙ্গলবার — মহানবমী: সকাল ৫টা ৪০ মিনিটে পুজো শুরু হবে। শ্রীশ্রীমা দুর্গার ভোগারতির পর হোম অনুষ্ঠিত হবে।               

২১ অক্টোবর, বুধবার—বিজয়া দশমী: সকাল ৬টা ৩০ মিনিটে পুজো শুরু। সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে দর্পণ বিসর্জন হবে। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান করা হবে।                

১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন শ্রীশ্রীমা দুর্গার মধ্যাহ্ন ভোগারতির পর পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভক্তদের পুষ্পাঞ্জলির জন্য ফুল, বেলপাতা ইত্যাদি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে। এই তিন দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীশ্রীঠাকুরের আরতির পর শ্রীশ্রীমা দুর্গার সন্ধ্যারতি হবে। দুপুর ১২টায় মা সারদা সদাব্রত ভবনে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া দুর্গাপুজোর অনুষ্ঠান বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারের কথা জানানো হয়েছে। DD Bangla-র সম্প্রচার সূচি দূরদর্শনের চূড়ান্ত কর্মসূচি প্রকাশের পর জানানো হবে।

You might also like!