
কলকাতা, ১৯ নভেম্বর : বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের পাম অ্যাভিনিউ এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের ১৫টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ পাম অ্যাভিনিউয়ের ওই ঘনবসতিপূর্ণ বস্তি সংলগ্ন একটি প্লাস্টিকের গুদামে প্রথম আগুন লাগে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি ও সংকীর্ণ হওয়ায় এবং গুদামে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের বস্তির ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গুদাম সংলগ্ন বেশ কয়েকটি ঝুপড়ি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে।
অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। প্রথমে স্থানীয়রাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। সেই সময় ঘটনাস্থল থেকে সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দও শোনা যায়, যার ফলে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্ক আরও বাড়ে।
খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘরের ভেতরে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। দমকলের ১৫টি ইঞ্জিনের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ঘিঞ্জি এলাকা হওয়ায় এখনও বেশ কিছু জায়গায় ‘পকেট ফায়ার’ বা বিক্ষিপ্ত আগুন জ্বলছে। সেগুলি সম্পূর্ণভাবে নেভানোর এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। ঠিক কী কারণে গুদামটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
