
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে এ বার যৌথ অভিযান চালাল সিআইডি এবং পুলিশ। বুধবার বেশি রাতের দিকে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিমের বাড়ির সামনে পৌঁছে যান তদন্তকারীরা। দীর্ঘক্ষণ বাড়ির গেটে ধাক্কাধাক্কি এবং ডাকাডাকিও করেন। তবে বিধায়কের দেখা পাননি তাঁরা।উল্লেখ্য, ডায়মন্ড হারবারে প্রভাব খাটিয়ে কম দামে একটি জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শামিমের বিরুদ্ধে। মনে করা হচ্ছে, সেই মামলাতেই বুধবার রাতে শামিমের বাড়িতে অভিযান চালায় সিআইডি ও পুলিশ।
বুধবার গভীর রাতে সিআইডি ও পুলিশ যৌথ উদ্যোগে শামিমের সরিষার বাড়িতে যায়। সেখানে দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করেন আধিকারিকরা। ‘দরজা খুলুন, কেউ বাড়িতে আছেন’ বলে ডাকাডাকি শুরু করে পুলিশ। কিন্তু বাড়িতে কারও সাড়া শব্দ না পেয়ে ফিরে যায় সিআইডির দল। স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে শামিম আর ওই বাড়িতে থাকেন না। তিনি কোথায় তা কেউ জানে না। বেশ কিছুদিন আগে সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে এক কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। ওই পার্টি অফিসে শামিম আহমেদ বসতেন বলে অভিযোগ। যদিও বিধায়কের অভিযোগ, ওই টাকা উদ্ধারের ঘটনায় তাঁর কোনও যোগ নেই। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হন তিনি।
এরই মাঝে গত বছরের একটি জমি দখল সংক্রান্ত মামলায় নাম জড়ায় শামিমের। সেই সময় ক্ষমতায় তৃণমূল। ক্ষমতার প্রভাব খাটিয়ে ডায়মন্ড হারবারে বাজারদরের থেকে কম দামে একটি জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শামিমের বিরুদ্ধে। কিন্তু অভিযুক্তদের রাজনৈতিক পরিচিতির কারণে সেই সময় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এবিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিযোগকারীও। সম্প্রতি এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। বুধবার মধ্যরাতে এই মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই পুলিশকে নিয়ে শামিমের বাড়িতে হাজির হন সিআইডি আধিকারিকরা।
