
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির জেরে ব্যবসায়ীদের ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। এই দাবিকে ঘিরেই এবার কংগ্রেস, ককরোচ জনতা পার্টি-সহ একাধিক রাজনৈতিক দলকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। দিল্লির ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দাবি, গত ১ নভেম্বর কংগ্রেসের ডাকা কর্মসূচির দিনই ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১ হাজার কোটি টাকা। এবার এই বিপুল ক্ষতির অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে শুরু হল আইনি প্রক্রিয়া।
১১ হাজার কোটি টাকার ক্ষতির দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কিরানা কমিটি, দিল্লি আয়রন ও হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আবেদন পেশ করার পরেই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, কোন সংগঠনের কর্মসূচিতে এই বিপুল ক্ষতি হয়েছে। সেই তথ্য দিয়ে নতুন করে পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। সংশোধিত ওই আবেদনের প্রেক্ষিতে বুধবার একাধিক দলকে শীর্ষ আদালতের তরফে নোটিস পাঠানো হয়। ককরোচ জনতা পার্টি, কংগ্রেস, আম আদমি পার্টি, আইসাকে নোটিশ জারি করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে বিচারাধীন এই মামলাটি। আবেদনকারীদের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি জানান, যন্তরমন্তরে বিক্ষোভের কারণে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। একইভাবে রামলীলা ময়দানকে বিক্ষোভস্থল হিসেবে গণ্য করারও বিরোধিতা করেন তিনি। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বিক্ষোভ নিয়ে অন্যান্য মামলার সঙ্গেই এই আবেদনটির শুনানি করা হবে। ২৭ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির সম্ভাব্য দিন ধার্য করেছে শীর্ষ আদালত। সেদিনই পুলিশ সহ প্রশাসনের অন্যান্য বিভাগের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি হবে।
ধনতেরাস ও দীপাবলির উৎসবের মরশুমে রাজনৈতিক কর্মসূচির জেরে ব্যবসায়িক ক্ষতির অভিযোগ আরও জোরালো হচ্ছে। দিল্লির রামলীলা ময়দান সংলগ্ন এলাকায় ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টি এবং ১ নভেম্বর কংগ্রেসের কর্মসূচিতে বিপুল লোকসান হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। দিল্লির ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল কর্মসূচি পিছনোর আর্জি জানিয়ে রাহুল গান্ধীকে একাধিকবার চিঠিও লিখেছিলেন। কারণ ধনতেরাসে দিল্লিতে সোনা-রুপো থেকে শুরু করে পোশাক, ইলেকট্রনিক্স ও গাড়ির বাজারে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয় বলে দাবি। তবে সেই আবেদনেও সাড়া মেলেনি।
