
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বন্যপ্রাণ সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর অভিযোগ! এবার আদানি গোষ্ঠীর সংস্থাকে কাজ বন্ধের নির্দেশ দিল মহারাষ্ট্রের বন দপ্তর। সাতারা জেলার পাটন তালুকায় ১,৫০০ মেগাওয়াটের তারালি পাম্পড স্টোরেজ প্রকল্প ঘিরেই এই বিতর্ক। নির্দেশ দিয়েছেন সাতারা বন বিভাগের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্টস অমল সাতপুতে। আপাতত প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে।
আদানি রিনিউয়েবল লিমিটেডের এনার্জি ওয়ান মুম্বইয়ের প্রকল্প পরিচালকের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। বন দপ্তরের অভিযোগ, ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফের (এনবিডব্লিউএল) আগাম অনুমতি ছাড়াই প্রকল্পের কাজ শুরু হয়েছে। গত ১৩ নভেম্বর সংস্থাকে শোকজ নোটিস পাঠানো হয়। ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং ১৯৬৪ সালের মহারাষ্ট্র বৃক্ষচ্ছেদন নিয়ন্ত্রণ আইনের অধীনে এই নোটিস দেওয়া হয়েছে। কোন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ শুরু হয়েছে, তার লিখিত ব্যাখ্যা চেয়েছে বন দপ্তর।
নোটিসে বলা হয়েছে, গাছ কাটার অনুমতি, কতগুলি গাছ কাটার ছাড়পত্র মিলেছে এবং সংশ্লিষ্ট নথিও জমা দিতে বলা হয়েছে। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে রেঞ্জ ফরেস্ট অফিসারের কাছে জবাব দিতে বলা হয়। কাজ চালিয়ে গেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অমল সাতপুতে। তবে আদানি গোষ্ঠীর বক্তব্য, প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বকেয়া টাকা নিয়ে আগেই চাপে আদানি গোষ্ঠী। এবার মহারাষ্ট্রেও বড় ধাক্কা খেল সংস্থাটি। বন্যপ্রাণ সংক্রান্ত ছাড়পত্রের অভাবে তারালি বিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে বন দপ্তর। সূত্রের খবর, পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা। ফলে একের পর এক চ্যালেঞ্জের মুখে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ ব্যবসা।
