
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:হায়দরাবাদের অনুষ্ঠানে দাঁড়িয়ে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইটালির এক রাজনৈতিক নেতা। এবার তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। সোশ্যাল মিডিয়া থেকে বিতর্কিত ভিডিওটি সরানোর নির্দেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
গত শনিবার তেলেঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলন’-এ পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস-এর সেক্রেটারি জেনারেল গিয়াকোমো ফিলিবেক স্লোগান তোলেন ‘ভোট চোর, গদি ছোড়’। সে সময়ে মঞ্চে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতার মন্তব্যকে তুলোধোনা শুরু করেছে বিজেপি। অমিত শাহ থেকে কিরেণ রিজিজু-কেন্দ্রীয় মন্ত্রীরা একযোগে সরব হয়েছেন। তাঁদের তোপ, ভারতের মাটিতে দাঁড়িয়ে এক বিদেশি নাগরিক ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, ভারতের বদনাম করছেন কিন্তু রাহুল গান্ধী সেই কথার প্রতিবাদ করেননি। বরং ওই কথা শুনে হেসেছেন।
এবার ফিলিবেকের কাণ্ডে দায়ের হল মামলা। আবেদনে সইদ রিজওয়ান আহমেদ উল্লেখ করেছেন, “ইউরোপিয়ান সোশ্যালিষ্ট পার্টির প্রতিনিধি ভারতের গণতান্ত্রিক কাঠামোয় সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং প্রচণ্ড অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। সামাজিক মাধ্যম থেকে সেই ভিডিও প্রত্যাহার করার জন্য দ্রুত শুনানির আবেদন।” তিনি জানান, ইটালির রাজনীতিবিদ জানিয়েছেন তিনি ভারতের গণতন্ত্র ফেরাতে বিরোধীদের সমর্থন এবং কাজ করবেন।
ভারতীয় ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগও ছিল ফিলিবেকের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আবেদনে তাঁর বিরুদ্ধে অভিবাসন এবং বৈদেশিক আইন ২০২৫ আইনের প্রসঙ্গও রাখা হয়েছে। একইসঙ্গে আবেদন করা হয়েছে, যাতে শীর্ষ আদালত তেলেঙ্গানা সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেয়। ভবিষ্যতে তাদের কোনও কর্মসূচিতে এমন কোনও বৈদেশিক অতিথিকে আনবে না, যাঁরা এদেশের গণতান্ত্রিক বিরোধিতা সম্পর্কে মন্তব্য করেন, সেটাও নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ভারত সম্মেলন নিয়ে তদন্তেরও দাবি করেছেন সইদ রিজওয়ান আহমেদ।
