Burima Puja Schedule: ৭২টি বেনারসি, ২২ কেজি সোনা-রুপোর গয়নায় সজ্জিত হবেন কৃষ্ণনগরের ‘বুড়িমা’, রইল পুজোর সময়সূচি

Krishnanagar Burima
Krishnanagar Burima

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই বাংলার উৎসবের মানচিত্রে বিশেষভাবে উঠে আসে হুগলির চন্দননগরের নাম। তবে ঐতিহ্য, আড়ম্বর এবং ভক্তির আবেগে কোনও অংশে পিছিয়ে নেই নদিয়ার কৃষ্ণনগরও। এখানকার চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো বাংলার অন্যতম আকর্ষণ। ভক্তদের কাছে এই পুজোর দেবী পরিচিত ‘বুড়িমা’ নামে। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল। দীর্ঘ ঐতিহ্যের পথ পেরিয়ে চলতি বছর ২৫৮ বছরে পা দিল কৃষ্ণনগরের এই ঐতিহ্যবাহী পুজো।

প্রতি বছরই বিশালাকার প্রতিমা, সাবেকি সাজসজ্জা এবং বিপুল স্বর্ণালঙ্কারের কারণে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন বুড়িমা। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। জানা গিয়েছে, ভক্তদের নিবেদিত ৭২টি বেনারসি শাড়িতে সেজে উঠবেন দেবী। পাশাপাশি প্রায় ২২ কেজি সোনা ও রুপোর অলঙ্কারে সাজানো হবে তাঁকে। দেবীর কপালজুড়ে অসংখ্য সোনার টিপ এবং মাথার মুকুট থেকে শুরু করে চিক, মালা, সীতাহার, বালা, মানতাশা, নূপুর ও জড়োয়া গয়নার সম্ভার বিশেষভাবে নজর কাড়ে। শুধু দেবীই নন, তাঁর বাহন সিংহকেও পরানো হয় সোনার মুকুট ও অলঙ্কার।

বুড়িমাকে ঘিরে ভক্তদের আবেগ ও বিশ্বাসও এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মায়ের কাছে করা মানত পূরণ হলে ভক্তরা তাঁর চরণে সোনার গয়না নিবেদন করেন। বছরের পর বছর ধরে ভক্তদের সেই নিবেদনেই সমৃদ্ধ হয়েছে দেবীর অলঙ্কারের সম্ভার। ফলে বুড়িমার সাজে মিশে রয়েছে অসংখ্য ভক্তের বিশ্বাস, ভক্তি ও প্রার্থনা। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ১৭ নভেম্বর অষ্টমীর দিন দুপুর ১২টা থেকে মানতের সামগ্রী গ্রহণ শুরু হবে। ওই দিন সন্ধ্যায় বিশেষভাবে অলঙ্কারে সাজানো হবে  বুড়িমাকে। কৃষ্ণনগরের দীর্ঘদিনের প্রথা অনুসারে, শুক্লপক্ষের নবমী তিথিতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী—তিন তিথির পুজো সম্পন্ন হবে। 

১৮ নভেম্বর বুধবার ভোর ৫টা ৫৮ মিনিটে পুজোর সূচনা হবে। প্রতিটি তিথির পুজো শেষে ভক্তদের জন্য পুষ্পাঞ্জলির ব্যবস্থা থাকবে। সকাল সাড়ে ৯টা, দুপুর ১২টা এবং বিকেল সাড়ে ৩টেয় অঞ্জলি দেওয়া যাবে। দুপুর ৩টেয় অনুষ্ঠিত হবে নবমীর বলিদান। এরপর সন্ধ্যা ৬টায় থাকবে বুড়িমার বিশেষ আরতি। এই বিশেষ আরতি দর্শন করতে প্রতি বছরই বহু ভক্তের সমাগম হয়। 

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর আরও একটি বিশেষ আকর্ষণ হল বুড়িমার বিসর্জন। প্রচলিত রীতি অনুযায়ী, শহরের অন্যান্য প্রতিমার বিসর্জন সম্পন্ন হওয়ার পর সবশেষে জলঙ্গির ঘাটে নিরঞ্জন করা হয় চাষাপাড়ার বুড়িমাকে। ২৫৮ বছরের ঐতিহ্য, ভক্তদের অগাধ বিশ্বাস এবং অপরিসীম জাঁকজমল—সব মিলিয়ে এবারও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই বুড়িমার পুজো। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…