Weekend OTT Watchlist: ওটিটি-তে নতুন চমক! ‘দ্য ওডিসি’ থেকে ‘ঢিনঢোরা ২’, সপ্তাহান্তে কী কী দেখবেন?

OTT Releases This Week
OTT Releases This Week

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসবের মরসুম প্রায় শেষ। এবার সপ্তাহান্তের অবসর কাটুক ওটিটির পর্দায় নানা স্বাদের বিনোদনের সঙ্গে। চলতি সপ্তাহে একাধিক নতুন ছবি ও ওয়েব সিরিজ় নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার থেকে শুরু করে কমেডি—দর্শকদের জন্য থাকছে পছন্দের নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ক্রিস্টোফার নোলানের গ্রিক মহাকাব্য ‘দ্য ওডিসি’ এবং দর্শকদের বহু প্রতীক্ষিত ‘ঢিনঢোরা’-র দ্বিতীয় সিজ়ন। সব মিলিয়ে সপ্তাহান্তে বাড়িতে বসেই বিনোদনের চাহিদা মেটাতে পারবেন দর্শকরা।

১) দ্য ওডিসি: পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘দ্য ওডিসি’ এ বার ওটিটি-তে। তবে আপাতত ছবিটি দেখতে হলে টাকা দিয়ে কিনতে হবে অথবা রেন্টে নিতে হবে। ফ্রি সাবস্ক্রিপশন নেই এখনও। গ্রিক মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে তৈরি এই ছবির কেন্দ্রে রয়েছেন যোদ্ধা ওডিসিয়াস। ট্রয়ের যুদ্ধ শেষ হওয়ার পরে নিজের দেশে ফেরার পথে নানা বিপদ ও অলৌকিক শক্তির মুখোমুখি হতে হয় তাঁকে। দীর্ঘ দশ বছরের সেই যাত্রাই ছবির মূল আকর্ষণ। প্রধান চরিত্রে রয়েছেন ম্যাট ডিমন। এ ছাড়াও অভিনয় করেছেন অ্যানি হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জ়েন্ডায়া এবং রবার্ট প্যাটিনসন। বড়পর্দায় ছবিটি সাড়া ফেলেছিল। ছবিটি অ্যাপল টিভি, বুকমাইশো, প্রাইম ভিডিয়োয় দেখা যাচ্ছে ১৮ নভেম্বর থেকে।

২) দ্য অলট্রুইস্টস: আর্থিক দুনিয়ার অন্যতম আলোচিত কেলেঙ্কারিকে কেন্দ্র করে তৈরি এই আট পর্বের সিরিজ়। ক্রিপ্টোকারেন্সি সংস্থার উত্থান এবং পতনের নেপথ্যের কাহিনি তুলে ধরা হয়েছে এখানে। কেন্দ্রে রয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা স্যাম এবং তার ঘনিষ্ঠ সহযোগী ক্যারোলিন এলিসন। বিশ্ব অর্থনীতিকে নতুন করে গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তাঁরা। কিন্তু শেষপর্যন্ত বিপুল অর্থ তছরুপের অভিযোগে জড়িয়ে পড়েন দু’জনেই। ১৯ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ়।

৩)ঢিনঢোরা (সিজ়ন ২): পাঁচ বছর পরে ফিরছে ভুবন বামের জনপ্রিয় ধারাবাহিক ‘ঢিনঢোরা’। প্রথম পর্বে দর্শকের মন জয় করেছিল টিটু মামা এবং তার পরিবারের নানা মজার কাণ্ডকারখানা। দ্বিতীয় সি়জ়নেও সেই পরিচিত হাস্যরস বজায় থাকছে। এ বার গল্পের কেন্দ্রে টিটু মামা। তার মাথায় ১১ কোটি টাকার লোকসানের বোঝা। তার উপর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করতে গিয়ে একের পরে এক সমস্যায় জড়িয়ে পড়ে সে। ভুবন বাম নিজেই একাধিক চরিত্রে অভিনয় করেছেন। নতুন সংযোজন সঞ্জিদা শেখ। তাঁকে দেখা যাবে কবিতা মামির চরিত্রে। মোট আটটি পর্বে সাজানো হয়েছে নতুন কাহিনি। নেটফ্লিক্সে ২০ নভেম্বর থেকে দেখা যাবে এই সিরিজ়।

৪) মাঙ্গলিক: রহস্যরোমাঞ্চে মোড়া এই সিরিজ়ের গল্পে রয়েছে বিয়ে, পারিবারিক বিশ্বাস এবং একের পর এক অজানা রহস্য। ইরা যখন চিকিৎসক সিদ্ধার্থের স্ত্রী হয়ে তার পরিবারে আসে, তখনই শুরু হয় অস্বস্তিকর কিছু ঘটনার সূত্রপাত। যে সংসারকে ঘিরে তার অনেক স্বপ্ন, সেই সংসারের অন্দরেই লুকিয়ে রয়েছে এমন কিছু সত্য, যা তার বিবাহিত জীবনকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। কৃশানু গঙ্গোপাধ্যায় পরিচালিত সিরিজ়ে  অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, লাবণী সরকার, সৌমিতৃষা কুণ্ডু। হইচই-তে ২০ নভেম্বর থেকে দেখা যাবে এই সিরিজ়।

৫) দ্য ব্লু রোড: রহস্য ও অপরাধমূলক কাহিনি যাঁদের পছন্দ, তাঁদের জন্য রয়েছে ‘দ্য ব্লু রোড’। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে একের পর এক অস্বাভাবিক খুনের ঘটনা। দক্ষিণ কোরিয়া ও জাপানের কয়েক জন তদন্তকারী এই খুনের কিনারা করতে একসঙ্গে কাজ শুরু করে। তদন্ত যত এগোয়, ততই প্রকাশ্যে আসে ঘটনাগুলির মধ্যে থাকা অদ্ভুত যোগসূত্র। এক দেশের অপরাধের সঙ্গে অন্য দেশের সম্পর্ক কোথায়, সেই রহস্যের জট খুলবে কাহিনিতে। এই সিরিজ়ও মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর, নেটফ্লিক্সে।

৬) আনবিল আভান: দক্ষিণী ছবির অনুরাগী অনেকেই। দর্শকদের জন্য থাকছে তামিল ছবি ‘আনবিল আভান’। গল্পে এক দম্পতি নিজেদের কর্মজীবন ছেড়ে পাহাড়ি এলাকায় একটি গেস্টহাউস চালু করার সিদ্ধান্ত নেন। নতুন পরিবেশে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখে তারা। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বাধায় তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। নিজেদের নতুন সংসার ও স্বপ্ন বাঁচাতে শেষপর্যন্ত লড়াইয়ে নামতে হয় দম্পতিকে। সোনিলিভে ২০ নভেম্বর থেকে দেখা যাবে এই ছবিটি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…