
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক প্রাণনাশের হুমকির মুখে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। কখনও বিষ্ণোই গ্যাংয়ের তরফে তাঁর সাধের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি, আবার কখনও খলিস্তানপন্থী জঙ্গিদের হামলার আশঙ্কা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অমিতাভ বচ্চনের নিরাপত্তা আরও আঁটসাঁট করেছে মুম্বই পুলিশ। জলসার চারপাশেও বাড়ানো হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। এরই মধ্যে কয়েক দিন আগে এক্স হ্যান্ডেলে মাত্র দু’টি শব্দ লিখেছিলেন অভিনেতা—‘বেঁচে গেলাম’। তাঁর এই রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা। অনেকেই ভেবেছিলেন, কোনও বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তবে সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন বিগ বি।
সম্প্রতি অমিতাভ এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনকে লক্ষ্য করে ফের হুমকির ঘটনা সামনে আসে। খলিস্তানপন্থী গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর তরফে তাঁদের উদ্দেশে হুমকিবার্তা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কিংবা বুলেটপ্রুফ কাচের আড়ালে থাকলেও তাঁদের উপর হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি মুম্বইয়ে নিজেদের লোকজন থাকার কথাও উল্লেখ করা হয় ওই বার্তায়। এরপর খলিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুনও অমিতাভের বাসভবন জলসার বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ তুলে মুম্বইয়ের শিখ সম্প্রদায়ের মানুষকে সেখানে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়। এমন পরিস্থিতিতে অমিতাভের ‘বেঁচে গেলাম’ পোস্টকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়। পান্নুনের একটি রহস্যময় পোস্টেও উঠে আসে ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’—এই প্রশ্ন।
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অমিতাভ জানালেন, তাঁর ওই পোস্টের সঙ্গে কোনও হামলা কিংবা প্রাণনাশের আশঙ্কার সম্পর্কই নেই। বরং ঘটনাটি একেবারেই ব্যক্তিগত এবং বেশ মজার। নতুন এক্স পোস্টে অভিনেতা জানান, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র শুটিং চলাকালীন হঠাৎই তাঁর প্যান্টের বেল্ট ছিঁড়ে যায়। সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি প্যান্টের দড়ি বা নাড়া ব্যবহার করে কাজ চালাতে হয়েছিল তাঁকে। আর সেই বিপত্তি থেকে সাময়িক স্বস্তি পেয়েই লিখেছিলেন ‘বেঁচে গেলাম’। বিগ বি-র এই স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে হাসির রোল। যে পোস্ট ঘিরে এতক্ষণ নানা আশঙ্কা ও জল্পনা তৈরি হয়েছিল, তার নেপথ্যে যে এমন মজার ঘটনা রয়েছে, তা ভেবেই অবাক অনুরাগীরা। কেউ মজা করে লিখেছেন, এত কিছু ভেবে বসেছিলেন তাঁরা, অথচ আসল ঘটনা কিনা প্যান্টের বেল্ট ছিঁড়ে যাওয়া! আবার কেউ প্রশ্ন তুলেছেন, এত বড় মেগাস্টার হয়েও এমন সস্তার বেল্ট কেন ব্যবহার করেছিলেন তিনি! সব মিলিয়ে, নানা হুমকি ও উদ্বেগের আবহেও নিজের স্বভাবসিদ্ধ রসবোধে অনুরাগীদের হাসালেন অমিতাভ বচ্চন।
