
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘আকভান’ ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগের আশঙ্কা ক্রমশ বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিমা নিরঞ্জন ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটির তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
‘আকভানে’র প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই অবস্থা জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন করা অনেকটা ঝুঁকির। পাশাপাশি যে আলোকসজ্জার জন্য চন্দননগর বিখ্যাত তা দেখা যাবে না। সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় কমিটি নিরঞ্জন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোকসজ্জিত শোভাযাত্রা আগামী রবিবার, অর্থাৎ ২২ নভেম্বর হবে। নন-প্রসেশনাল পুজো কমিটিগুলিকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে শনিবার অথবা রবিবার বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, প্রসেশনাল পুজো কমিটিগুলির বিসর্জন সোমবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন মানেই বিশাল শোভাযাত্রা, আলোকসজ্জার ঝলকানি। বৃষ্টিতে প্রতিমা নিরঞ্জন করলে তা সম্ভব নয়। উলটে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সব দিক মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হল নিরঞ্জনের দিন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “চন্দননগরের শোভাযাত্রা মানেই তো আলো। বৃষ্টিতে কেউ যদি দেখতেই না পারেন। তাহলে কেন করলাম।”
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘আকভান’ ধেয়ে আসছে। শুক্রবার ওড়িশার পুরী ও অন্ধ্রপ্রদেশের নারসাপুরের মাঝে সেটি আছড়ে পড়বে বলে অনুমান। ল্যান্ডফলের সময় সেটির সবোর্চ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। ইতিমধ্যেই সেটি কিছুটা শক্তি খুইয়েছে। বাংলাতে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছে। শুক্র ও শনিবার বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
